বুড়িগঙ্গায় লঞ্চডুবি: ৬ জনের বিরুদ্ধে মামলা

বুড়িগঙ্গায় মর্মান্তিক লঞ্চডুবির ঘটনায় রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জ থানায় ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মর্মান্তিক এই ঘটনায় ৩৬ জন প্রাণ হারান।

মঙ্গলবার(৩০ জুন) ভোরে মামলাটি দায়ের করা হয় বলে নিশ্চিত করেছেন নদী পুলিশের অ্যাসিস্ট্যান্ট পুলিশ সুপার (এএসপি, ঢাকা জোন) আবুল কালাম আজাদ।

তিনি জানান, ময়ূর-২ লঞ্চের মালিককেও মামলার আসামি করা হয়েছে। খুব দ্রুতই আসামিদের গ্রেফতার করা হবে বলেও জানান তিনি।

এর আগে সোমবার সকালে ফরাশগঞ্জ ঘাট এলাকার বুড়িগঙ্গা নদীতে এমএল মর্নিং বার্ড নামে একটি ছোট লঞ্চকে ধাক্কা দেয় ময়ূর-২ নামের একটি লঞ্চ। সংঘর্ষের সাথে সাথেই পানিতে ডুবে যায় মর্নিং বার্ড। মর্মান্তিক এই ঘটনায় ৩৬ জন প্রাণ হারান।

ডুবে যাওয়া লঞ্চ থেকে বেঁচে ফেরা কয়েক যাত্রী জানান যে লঞ্চটিতে প্রায় ৭০-৮০ জন মানুষ ছিলেন। তবে, যাত্রীর সংখ্যা কেউই নিশ্চিত করে বলতে পারছেন না। কেউ কেউ বলছেন এখনও মৃতের সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে।

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এ প্রসঙ্গে জানান, “ফুটেজ দেখে মনে হচ্ছে ঘটনাটি পূর্ব পরিকল্পিত।”

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর