প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় নোয়াখালীতে বিনামূল্যে অক্সিজেন ব্যাংক চালু করেছে পুলিশ। সোমবার (২৯ জুন) বিকেলে নোয়াখালী পুলিশ লাইন্সে নোয়াখালী পুলিশ হাসপাতালে করোনাভাইরাস সংক্রমণে আক্রান্ত রোগীদের জন্য পুলিশ কোভিড অক্সিজেন ব্যাংক এর উদ্বোধন করেন পুলিশ সুপার মো. আলমগীর হোসেন।
উদ্বোধনকালে পুলিশ সুপার মো. আলমগীর হোসেন বলেন, করোনা আক্রান্ত রোগীদের বেশীর ভাগ শ্বাসকষ্টে অক্সিজেনের অভাব দেখা দেয়। এ সংকট থেকে সাধারণ জনগণকে রক্ষা করতে বিনামূল্যে কোভিড রোগীদের অক্সিজেন সিলিন্ডার দেয়া হবে।
পুলিশ অক্সিজেন ব্যাংক এর প্রধান সমন্বয়কারী এস, এম কামরুল হাসান জানান, প্রথমিকভাবে ১০টি অক্সিজেন সিলিন্ডার দিয়ে এ ব্যাংকের কার্যক্রম শুরু করেছি। পর্যায়ক্রমে আরও ১০টি সিলিন্ডারের ব্যবস্থা করা হবে।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার দীপক জ্যোতি খীসা, অতিরিক্ত পুলিশ সুপার সদর মো. খালেদ ইবনে মালেক, সদর সার্কেল আব্দুর রহিম, অতিরিক্ত পুলিশ সুপার বেগমগঞ্জ সার্কেল শাহজাহান শেখ, পুলিশ লাইন্স হাসপাতালের মেডিকেল অফিসার সুব্রত কান্তি সুনীলসহ সাংবাদিকবৃন্দ।
এর আগে দুপুরে করোনা জয়ী ৩১ পুলিশ সদস্যকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেন পুলিশ প্রশাসন। এ সময় করোনা জয়ী পুলিশ সদস্যদের হাতে ফুল দেন পুলিশ সুপার মো. আলমগীর হোসেন।
বার্তা বাজার / ডি.এস