চট্টগ্রামে নকল স্যানিটাইজার তৈরি ও বাজারজাত করার দায়ে একটি কারখানা সিলগালা করা হয়েছে। এসময় কারখানা মালিককে ৬ মাসের কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৯ জুন) দুপুর তিনটার দিকে নগরীর দেওয়ান হাট এলাকার সুপাড়িওয়ালা পাড়ায় জেলা প্রশাসনের ভেজাল বিরোধী অভিযানে ‘এ আর চট্টলা কেমিক্যাল’ নামে এক কারখানার মালিককে এসব দণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক জানান, করোনা সংক্রমণ প্রতিরোধে জীবাণুনাশক সামগ্রীর চাহিদা বাড়াতে বিভিন্ন অসাধু ব্যবসায়ীরা নকল স্যানিটাইজার, স্যাভলন, হেক্সিসল তৈরি শুরু করে। যার বিরুদ্ধে প্রশাসনের পক্ষ হতে সর্বোচ্চ সতর্কতার ঘোষণা দেওয়া হয় এবং বিভিন্ন এলাকা ও দোকানে অভিযান চালানো হয়। যার পরিপ্রেক্ষিতে আজ (২৯ জুন) দুপুরে নগরীর ডবলমুরিং থানাধীন সুপাড়িওয়ালা পাড়া এলাকায় অভিযান চালিয়ে ‘এ আর চট্টলা কেমিক্যাল কারখানা’ নামে এক কারখানা বন্ধ করে মালিককে ৬ মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরো বলেন, কারখানায় অভিযান চালিয়ে দেখা যায়, টিনশেডের বড় এক বদ্ধঘরে নকল স্যানিটাইজার তৈরির যাবতীয় মালামাল সংরক্ষণ করা হয়েছে। কারখানা মালিক মোহাম্মদ রাশেদ ওষুধ প্রশাসন অধিদফতরের অনুমতি ছাড়া ও কোন কেমিস্ট বা বিশেষজ্ঞ ছাড়া নিজেই স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর নকল পণ্য সামগ্রী তৈরি করছিলেন।
এসময় ‘এ আর চট্টলা কেমিক্যাল’র মালিক মোহাম্মদ রাশেদকে ৬ মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয় এবং কারখানায় মজুদ প্রায় ২০ লাখ টাকার ক্ষতিকর নকল ও ভেজাল দ্রব্য জব্দ করে কারখানা সিলগালা করে দেওয়া হয় বলে জানান ওমর ফারুক।
অভিযানে আরো উপস্থিত ছিলেন ওষুধ প্রশাসন অধিদফতরের সহকারী পরিচালক হোসাইন মোহাম্মদ ইমরান ও ডবলমুরিং থানার পুলিশ কর্মকর্তাবৃন্দ।
বার্তা বাজার / ডি.এস