চট্টগ্রাম বন্দরে মিথ্যা ঘোষণায় আনা পণ্যের চালান আটক

চট্টগ্রাম বন্দরে শুল্ক ফাঁকির উদ্দেশ্যে মিথ্যা ঘোষণা দিয়ে পণ্য আমদানি করার দায়ে উচ্চ শুল্কের বাদাম, নুডুলস, চুইংগাম ও এনার্জি ড্রিংকসের বড় একটি চালান আটক করেছে বন্দর কর্তৃপক্ষ।

কাস্টম হাউসের এআইআর শাখার সহকারী কমিশনার নূর এ হাসনা সানজিদা অনসূয়া জানান, সস, মটরশুঁটি ও চকলেট ঘোষণা দিয়ে উচ্চশুল্কের বাদাম, নুডুলস, চুইংগাম ও এনার্জি ড্রিংকস আনায় বন্দরে একটি চালান আটক করেছে কাস্টম হাউস কর্তৃপক্ষ। এ চালানে ১ কোটি ৩৪ লাখ টাকা শুল্ক ফাঁকির চেষ্টা করে আমদানিকারক। চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারের জেবুন্নেসা রোডের ৬০৪/৬০৯ কর্ণফুলী টাওয়ার জিয়াদ ইন্টারন্যাশনালের নামে চালানটি বন্দরে আসে। প্রতিষ্ঠানটির পক্ষে শেখ মুজিব সড়কের ৯৩৬ আহমেদ ম্যানশনের সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান মেসার্স ইস্টার্ন এন্টারপ্রাইজ গত ১৭ ফেব্রুয়ারি কাস্টম হাউসে চালানটি খালাসের জন্য বিল অব এন্ট্রি (নম্বর সি-৩২১৮০৩) দাখিল করেন।

কিন্তু ওই বিল অব এন্ট্রির মাধ্যমে ঘোষিত পণ্যের বিষয়ে গোপন সংবাদ থাকায় কাস্টম হাউসের অডিট ইনভেসটিগেশন অ্যান্ড রিচার্স (এআইআর) শাখা কর্তৃক চালানটি লক করা হয়। সোমবার (২৯ জুন) এআইআর কর্মকর্তাদের মাধ্যমে চালানটি শতভাগ কায়িক পরীক্ষা করা হয়। পরীক্ষায় ৪ হাজার ৯৫৬ কেজি সস ঘোষণার বিপরীতে পাওয়া যায় ৫ হাজার ৭৯ কেজি, ১৩ হাজার ৭৯০ কেজি মটরশুঁটি ঘোষণার বিপরীতে পাওয়া যায় ২৪০ কেজি এবং ১ হাজার ২৯৬ কেজি চকলেট ঘোষণার বিপরীতে পাওয়া যায় ৮ হাজার ৬০৪ কেজি।

এছাড়া চালানটিতে ঘোষণা ছাড়া অর্গানিক মিক্সড নাটস ১ হাজার ৮৬০ কেজি, চুইংগাম ১৬ হাজার ২৫২ কেজি, নুডুলস ৩৯২ কেজি এবং উচ্চশুল্কের এনার্জি ড্রিংকস ১০ হাজার ৬৪৮ লিটার পাওয়া যায়। যা হিসাব করলে দেখা যায় আমদানিকারক ১ কোটি ৩৪ লাখ টাকা শুল্ক ফাঁকির চেষ্টা করেছিলেন।

শুল্ক ফাঁকির অভিযোগে দোষীদের বিরুদ্ধে কাস্টমস আইনে আইনি ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি নেওয়ার কথা জানান কাস্টম হাউসের এআইআর শাখার সহকারী কমিশনার নূর এ হাসনা সানজিদা অনসূয়া।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর