মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর স্ত্রীর মৃত্যুতে তথ্য প্রতিমন্ত্রীর শোক

কোভিড-১৯ আক্রান্ত হয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের স্ত্রী লায়লা আরজুমান্দ বানু মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭১ বছর। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি’র স্ত্রী লায়লা আরজুমান্দ বানু’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি।

প্রতিমন্ত্রী আজ এক শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

প্রসঙ্গত, লায়লা আরজুমান্দ বানু (৭১) আজ সকাল পৌনে আটটার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্বামী, এক পুত্র, দুই কন্যা, ছয় নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জানা যায়, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৩ জুন মন্ত্রী ও মন্ত্রীর স্ত্রী লায়লা আরজুমান্দ বানু সিএমএইচে ভর্তি হন। মোজাম্মেল সুস্থ হয়ে বাসায় ফিরে গেলেও লায়লা আরজুমান্দ বানুর অবস্থা গুরুতর হওয়ায় তাকে সিএমএইচে রাখা হয়। অবশেষে তিনি করোনার কাছে হেরে না ফেরার দেশে চলে গেলেন।

১৯৪৯ সালের ৬ জানুয়ারি লায়লা আরজুমান্দ বানু গাজীপুরে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম শেখ মোবারক জান ও মাতার নাম লাল বানু। ব্যক্তিজীবনে অত্যন্ত ধর্মপ্রাণ লায়লা আরজুমান্দ বানু ১৯৭৪ সালের ১৬ এপ্রিল আ ক ম মোজাম্মেল হকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর