ফরিদপুরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১৫

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ১৫ জন।

রবিবার রাতে নগরকান্দা উপজেলার কোদালিয়া শহীদনগর ইউনিয়নের বড়পাইককান্দি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত জাফর মোল্লা (৫২) বড়পাইককান্দি গ্রামের জলিল মোল্লার ছেলে।

কোদালিয়া শহীদনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান জানান, নগরকান্দা উপজেলার বড়পাইককান্দি গ্রামের আক্তার মাতব্বরের সঙ্গে কালু মাতব্বরের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জের ধরে রোববার সন্ধ্যায় সংঘর্ষের সূত্রপাত হয়। পরে দু’পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সংঘর্ষে আক্তার মাতব্বরের সমর্থক জাফর মোল্লা নিহত হন।এছাড়া সংঘর্ষের সময় বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ সংঘর্ষে আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সোহেল রানা বলেন, ‘সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে। নিহত জাফর মোল্লার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুরে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর