ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়ন পরিষদের সচিব মো. মুস্তাফিজুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ভিজিডি তালিকায় নাম থাকা সত্ত্বেও ১৩ নারীকে চাল না দেওয়া ও ঘূর্ণিঝড় আম্পানের জন্য বরাদ্দকৃত চাল আত্মসাতের অভিযোগে তাকে বরখাস্ত করা হয়।
সোমবার (২৯ জুন) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাশেদুর রহমান বার্তা বাজারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ইউএনও মো. রাশেদুর রহমান জানান, ভিজিডি তালিকায় নাম থাকা সত্ত্বেও ১৩ নারীকে চাল না দেওয়া ও ঘূর্ণিঝড় আম্পানের জন্য বরাদ্দকৃত চাল আত্মসাতের সাথে সম্পৃক্ত থাকায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রবিবার দুপুরে জেলা প্রশাসক অতুল সরকার স্বাক্ষরিত একটি চিঠি পাঠানো হয়। সেই চিঠিতে ইউপি সচিব মুস্তাফিজুর রহমানকে বরখাস্ত করা হয়েছে বলে জানানো হয়। দ্রুতই এ আদেশ কার্যকর করা হবে বলে তিনি জানান।
উল্লেখ, গত ১৬ জুন মঙ্গলবার ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্তদের জন্য বরাদ্দকৃত সরকারি চাল আত্মসাৎ করার অপরাধে বানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাদী হুমায়ুন কবির বাবু ও ইউপি সচিব মুস্তাফিজুর রহমানকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ লক্ষ টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
বার্তাবাজার/এমকে