প্রণোদনা পেতে করোনা রোগী সেজে ধরা পড়লেন হাসপাতালের কর্মচারী

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হলেই সরকারি প্রণোদনার টাকা পাওয়া যাবে এমন লোভে পড়ে করোনা রোগীর সনদ নিয়েছিলেন এক কর্মচারী।

রেলওয়ে জেনারেল হাসপাতালের মেডিসিন ক্যারিয়ার পদে কর্মরত কুতুবে রাব্বানী নামের ওই কর্মচারী করোনা আক্রান্ত হয়েছেন বলে জানান তার অফিসকে। সেই মোতাবেক কাগজপত্রও দাখিল করে ছুটি কাটান। কিন্তু জাতীয় প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা (এনএসআই) গোপনে খোঁজখবর নিয়ে জানতে পারে করোনায় আক্রান্ত হননি কুতুবে রাব্বানী।

জানা গেছে, কুতুবে রাব্বানী করোনা পজিটিভের নকল সনদ তৈরি করেন। নিজেই মুগদা মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান ডা. মৌসুমী সরকারের স্বাক্ষর জাল করে এই সনদ তৈরি করেন তিনি। প্রণোদনার টাকা হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে এত কিছু করেন রাব্বানী।

এনএসআইয়ের গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন, রবিবার (২৮ জুন) বিকেল সাড়ে তিনটা থেকে সন্ধ্যা পর্যন্ত রেলওয়ে কর্মচারী হাসপাতালসহ তার বাসায় অভিযান চালিয়ে কুতুবে রাব্বানীকে করোনা পজিটিভের জাল সনদসহ আটক করা হয়।

কুতুবে রাব্বানীকে আটকের জন্য অভিযান পরিচালনা করেন এন‌এস‌আই এর উপ-পরিচালক মো. ওয়ালিউল্যাহ ও ফিল্ড অফিসার মো. জাহাঙ্গীর আলম। এসময় তাদের সহায়তা করে মুগদা থানা পুলিশ।

মুগদা থানার তদন্ত পরিদর্শক আবুল খায়ের কুতুবে রাব্বানীকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্তাধীন।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর