ধর্ষণ মামলা দায়ের করার পর পলাতক রয়েছেন রাঙ্গামাটির বরকল উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশিদ। পলাতক ওই যুবলীগ সভাপতি উপজেলার ভূষণছড়া ইউনিয়নের চেয়ারম্যান।
পুলিশ জানিয়েছে, পলাতক মামুনুর রশিদ গ্রেফতারে অভিযান তৎপরতা চলছে।
জানা গেছে, বিয়ের প্রলোভন দেখিয়ে স্থানীয় এক বিবাহিতা নারীকে (২০) তার স্বামীকে তালাক দিতে বলেন ভূষণছড়া ইউপি ও বরকল উপজেলা যুবলীগের সভাপতি চেয়ারম্যান মামুন। এতে স্বামীকে তালাক দেন ওই নারী। এরপর বিয়ের প্রলোভনে দীর্ঘদিন ধরে তাকে ধর্ষণ করেন মামুন। ফলে ধর্ষিতা বর্তমানে সাত মাসের গর্ভবতী। কিন্তু তা অস্বীকার করেন ইউপি চেয়ারম্যান মামুন।
এ ঘটনায় ধর্ষণের অভিযোগ এনে ২৪ জুন বরকল থানায় মামুনের বিরুদ্ধে মামলা দেন ধর্ষিতার বাবা মো. নাছির হাওলাদার। এরপর থেকে আসামি পলাতক রয়েছেন। তাই এখনও তাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
তবে মামলার বাদী মো. নাছির হাওলাদারের অভিযোগ , আসামি মামুন ভূষণছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি। তাই তার রাজনৈতিক প্রভাবে প্রকাশ্য ঘুরে বেড়ালেও মামুনকে গ্রেফতার করছে না পুলিশ।
এ দিকে মামলার পরদিন ২৫ জুন রাঙ্গামাটির নারী ও শিশু নির্যাতন দমন আদালতে আইনের ২২ ধারায় ধর্ষিতার জবানবন্দি নেয়া হয়েছে বলে জানায় পুলিশ।
বরকল থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মো. জসিম উদ্দিন বলেন, মামলাটি আমলে নেয়া হয়েছে। ভিকটিমকে মেডিকেল পরীক্ষার জন্য রাঙ্গামাটি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আদালতে স্বশরীরে হাজির হয়ে আসামির বিরুদ্ধে জবানবন্দি দিয়েছেন ভিকটিম। বর্তমানে আসামি মামুন চেয়ারম্যান পলাতক। তাকে গ্রেফতারে পুলিশি তৎপরতা চলছে। আসামিকে এলাকায় পাওয়া যাচ্ছে না।
বার্তা বাজার / ডি.এস