লালমনিরহাটে মাটি দিয়ে কালভার্টের মুখ ভরাট করায় অর্ধশতাধিক পরিবার পানিবন্দি

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা বাজারের পাশে কাচারী বাজার এলাকায় মাটি দিয়ে একটি কালভার্টের পানি চলাচলের পথ মাটি দিয়ে ভরাট করায় অর্ধশতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।

বুড়িমারী স্থলবন্দর-লালমনিরহাট আঞ্চলিক সড়কের ওই কালভার্টের পানি চলাচলের বন্ধ হওয়ার ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে এসব পরিবারকে।

এ বিষয়ে স্থানীয় লোকজন উপজেলা প্রশাসনকে একাধিকবার অভিযোগও করেছে। কিন্তু পানি নিষ্কাশনের জন্য কোনো ব্যবস্থা গ্রহন করা হয়নি এমন অভিযোগ পানিবন্দি পরিবারগুলোর।

সরেজমিনে ওই এলাকায় গিয়ে দেখা যায়, কালভার্টের পাশের জমিতে মাটি ভরাট করা হয়েছে।এতে পানি চলাচলের একমাত্র পথটি বন্ধ হয়ে গেছে। ফলে কয়েক দিনের বৃষ্টির পানিতে ওই এলাকায় অবস্থিত কাকিনা মহিমা রঞ্জন স্মৃতি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়সহ আশপাশের অর্ধশতাধিক বসত বাড়ির লোকজন পানিবন্দি হওয়াসহ পুকুরের মাছ ভেসে যাচ্ছে।

কাকিনা ইউনিয়ন চেয়ারম্যান শহিদুল হক শহিদ বলেন, ওই এলাকায় ড. মোজাম্মেল হক তার জমিতে মাটি ভরাট করায় কালভার্টের পানি চলাচলের পথ বন্ধ হয়ে গেছে। এতে কিছু বাড়ি পানিবন্দি হয়ে পড়েছে। বিষয়টি আমি উপজেলা প্রশাসনকে অবগতও করেছি।

কালীগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) রবিউল হাসান বলেন, বিষয়টি অবগত হয়েছি। পানি নিষ্কাশনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর