মুসলিমদের ধর্মীয় উৎসব ঈদুল আজহার এখনও বাকি এক মাসেরও বেশি সময়। কিন্তু এর আগেই বেড়ে গেছে সব ধরণের মশলার দাম। এ কারণে বাজার স্থিতিশীল রাখতে তদারকি শুরু করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। দেশের প্রধান ভোগ্যপণ্যের বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে চালানো হচ্ছে অভিযান।
আজ (রোববার) দুপুরের দিকে চালানো অভিযানে খাতুনগঞ্জের মসলার বাজারে চার ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক।
নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, ‘খাতুনগঞ্জে কয়েকজন আড়তদারের টাঙিয়ে রাখা বিক্রয় মূল্যের তালিকার সঙ্গে এ সংক্রান্ত ডকুমেন্ট ও ক্রয়মূল্যে অনেক পার্থক্য। তালিকায় লাভসহ বিক্রয় মূল্য ২ হাজার ৪১০ টাকা দেখানো হলেও পাইকারিতে ব্যবসায়ীদের কাছে এলাচ বিক্রি করা হচ্ছে ৩ হাজার ৬০০ টাকার বেশি। এছাড়াও সকল মশলার দামেই ছিল অনবেক তফাৎ।
তিনি আরও জানান, মূল্যতালিকায় হেরফের ও ঘষামাজা করার কারণে খাতুনগঞ্জের চার ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এর মধ্যে মেসার্স নারায়ণ ভাণ্ডারকে ২০ হাজার টাকা, মেসার্স চিটাগং ফ্রেন্ডস ট্রেডার্সকে ১০ হাজার, আল্লাহর দান স্টোরকে ১০ হাজার, মেসার্স অনিল দেব স্টোরকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
বার্তাবাজার/এসজে