পুকুরে জাল ফেলে ধরা জীবন্ত রুই মাছের শরীরে পাওয়া গেল আটটি সেলাই। এটা দেখে আতংকগ্রস্থ লোকজন কথিত এক কবিরাজের পরামর্শে মাছটিকে ছেড়ে দেয় অন্য এক পুকুরে।
আজ (রোববার) সকালে এই ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নের বীর চরোকোনা গ্রামে।
ওই পুকুরের মালিক রুপন আকন্দ (৫০) জানান, আজ সকালে মাছ ধরার জন্য তিনি জাল নিয়ে জেলেদেরকে পুকুরে নামান। এক পর্যায়ে অন্যসব মাছের সাথে এটিও উঠে আসে জালে। সকলের চোখে পড়ে মাছের শরীরে উভয় দিকে ৮টি ছিদ্র। আর প্রত্যেক ছিদ্রে সবুজ রঙের সুতা দিয়ে সেলাই করা হয়েছে। এই অবস্থায় মাছটি তরতাজা থাকলেও নড়াচড়া কম ছিল।
তিনি আরও জানান, মাছটি ধরার পর একধরনের আতঙ্ক বিরাজ হয়েছে। অনেকেই বলছেন, এটা এক ধরনের ষড়যন্ত্র। আধ্যাত্মিক লাইনে কবিরাজি করে কোনো ব্যক্তির ক্ষতি সাধন ছাড়াও মাছের ক্ষতি করার উদ্দেশ্যে করা হতে পারে। ঘটনাটি নিয়ে স্থানীয় এক কবিরাজের কথায় মাছটিকে জীবিত রাখতে অন্য একটি সচল পুকুরে ছেড়ে দেওয়া হয়েছে।
বার্তাবাজার/এসজে