বকেয়া বেতনের দাবীতে শ্রমিকদের অবস্থান কর্মসূচি

ঢাকার সাভারে তিন মাসের বকেয়া বেতনের দাবীতে কারখানার সামনে বিক্ষুব্ধ শ্রমিকেরা অবস্থান কর্মসূচি পালন করেছে।

রবিবার (২৮ জুন) সকালে সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় ‘পোশাক নীট ওয়্যার লিমিটেড’ কারখানার বিক্ষুব্ধ শ্রমিকরা সমীর প্লাজার সামনে এই অবস্থান কর্মসূচী পালন করে।

এব্যাপারে শ্রমিকরা জানায়, গত ২৪, ২৫ ও ২৬ জুন পর্যন্ত কারখানা বন্ধ ঘোষণা করে কারখানা কর্তৃপক্ষ। পরে ২৭ জুন সকালে কারখানা খোলার কথা থাকলে কারখানায় গিয়ে তারা আরও ১০ দিন বন্ধের নোটিশ দেখতে পান। এসময় শ্রমিকদের জানিয়ে দেওয়া হয় শুধুমাত্র যাদের চাকরির মেয়াদ ১ বছর পূর্ণ হয়েছে, শুধুমাত্র তারাই বেতন পাবে। পরে আবার কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।

বিক্ষুব্ধ শ্রমিকরা এসময় আরও জানান, গত মার্চ মাসে ৩০ জন শ্রমিকের বেতন প্রদান করে এপ্রিল মাস থেকে কোন প্রকার বেতন শ্রমিকদের প্রদান করেনি কারখানা কর্তৃপক্ষ। তাই তাদের তিন মাসের বকেয়া বেতনের দাবিতেই আজকের এই অবস্থান কর্মসূচী।

অবস্থান কর্মসূচি চলাকালে শিল্প পুলিশের এসপি সানা শামিনুর রহমান ঘটনাস্থলে এসে বিক্ষুব্ধ শ্রমিকদের বুঝিয়ে ফেরত পাঠান। আগামীকাল (সোমবার) দুপুর বারটায় তাঁর কার্যালয়ে কারখানা কর্তৃপক্ষ এবং শ্রমিক নেতাদের নিয়ে আলোচনার মাধ্যমে বকেয়া বেতনভাতার ব্যাপারটি সুরাহা হবে বলে জানা গেছে।

প্রসঙ্গত, শ্রমিকদের এই দাবী আদায়ে সম্পূর্ণভাবে সার্বিক সহযোগিতা করেছে ‘বাংলাদেশ বস্ত্র ও পোশাক শিল্প শ্রমিক লীগ’ নামের একটি শ্রমিক সংগঠন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর