চুয়াডাঙ্গার স্কুল পড়ুয়া শিশুকে অমানবিক নির্যাতন করার অভিযোগ

চুয়াডাঙ্গা সদর উপজেলার দর্শনা থানাধীন বেগমপুর (বিলপাড়া) গ্রামের সপ্তম শ্রেণীতে পড়ুয়া এক শিশুকে অমানবিক নির্যাতন করার অভিযোগ উঠেছে একই গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে মোঃ হান্নানের বিরুদ্ধে। ভুক্তভোগী শিশুটির নাম মিরাজুল ইসলাম মিরাজ (১২)। সে বেগমপুর (বিলপাড়া) গ্রামের শফিকুল ইসলামের ছেলে এবং উথলী মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র।

ঘটনার সূত্রে জানা যায়, মিরাজুল ইসলাম নামের শিশুটি মাছ ধরার জন্য হান্নানের ঘাসের জমির আইল ব্যবহার করে বিলে যাচ্ছিলো। যাওয়ার সময় জমির মালিক হান্নান তাকে জমির উপর দিয়ে যেতে নিষেধ করে। পরবর্তীতে শিশুটি বিল থেকে ফিরে আসার সময় আবারও ওই জমির উপর দিয়ে আসার কারণে জমির মালিক হান্নান তাকে ঘাসের শক্ত লাঠি দিয়ে বেধড়ক মারপিট কওে রক্তাক্ত জখম করে।

শিশুটির চিৎকার শুনে তার দাদি ঘটনাস্থলে যেয়ে তাকে উদ্ধারে ব্যর্থ হলে হান্নানের ভাই সেখানে যেয়ে শিশুটিকে উদ্ধার করে। পরবর্তীতে তাকে জীবননগর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে এসে চিকিৎসা করা হয়। খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থল পরিদর্শন করেন বেগমপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা।

এ ব্যাপারে বেগমপুর পুলিশ ফাঁড়ির আইসি সোহানুর জানান, ভুক্তভোগী শিশুটির পরিবারের সদস্যদের মৌখিক অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে পুলিশ সদস্য পাঠানো হয়। তারা বিষয়টি তদন্ত করে দেখেছে। তবে ভুক্তভোগী পরিবারের সদস্যরা ফাঁড়িতে লিখিত অভিযোগ করেছেন বলে জানিয়েছেন।

এ ব্যাপারে অভিযুক্ত হান্নানের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে সে সাংবাদিক পরিচয় শুনে রং নাম্বার বলে মোবাইল ফোনটি রেখে দেয়। তবে শিশু নির্যাতনের বিরুদ্ধে আইনে কঠোর শাস্তির বিধান রয়েছে। এজন্য ভুক্তভোগী শিশুটির পরিবার চুয়াডাঙ্গা জেলার মানবিক পুলিশ সুপার জাহিদুল ইসলামের কাছে বিষয়টির নিরপেক্ষ তদন্ত পূর্বক সুষ্ঠু বিচারের জোর দাবি জানিয়েছেন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর