করোনাভাইরাসে আক্রান্ত হয়ে স্বাস্থ্য পরিস্থিতি খুব ভয়াবহ পর্যায়ে ঠেকেছিল। ফুসফুস তেমন একটা কাজ করছিল না। অনেক দিন ধরে ছিলেন কোমায়। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থেকে এক ছেলে সন্তানের জন্ম দিয়েছেন করোনা আক্রান্ত ৩৬ বছর বয়সী এক মা। সেই নারীর নাম দিয়ানা অ্যাঙ্গোলা। তিনি কলম্বিয়ার অধিবাসী। অ্যাঙ্গোলা তার ছেলের নাম রেখেছে জেফারসন।
অ্যাঙ্গোলার ফুসফুস কাজ করছিল না বিধায় তার পেটের বাচ্চাকে বাঁচাতে হাসপাতালের সিজার সেকশনে নিয়ে যান চিকিৎসকেরা। অন্তত ১৪ সপ্তাহ আগেই পৃথিবীর আলোতে নিয়ে আসা হয় জেফারসনকে। মা করোনায় আক্রান্ত হলেও এই নবজাতকের শরীরে করোনার সংক্রমণ নেই বলে জানিয়েছেন চিকিৎসকেরা। পরিস্থিতি ‘অনেক সংকটজনক’ ছিল বলে জানালেন কলম্বিয়ার দক্ষিণাঞ্চলের ক্যালি শহরের ভেরসালেস ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসক পাওলা ভেলাসকেস।
তিনি বলেন, ‘আমরা জানতাম যে, এমন কঠিন পরিস্থিতিতেও পেটের শিশুকে রক্ষা করার কিছু ঘটনা আমাদের এখানে রয়েছে।’ অ্যাঙ্গোলা তীব্র জ্বর নিয়ে গত ১৫ মে হাসপাতালে ভর্তি হন। তার আরও একটি কন্যা সন্তান রয়েছে। হাসপাতালে ভর্তি হওয়ার তিন দিনের মাথায় চলে যান কোমাতে। নিউমোনিয়ায় ভুগছিলেন তিনি।
শ্বাস প্রশ্বাস নিতে খুব কষ্ট হতো। অপরিপক্ব থাকা অবস্থায় জন্ম নেওয়ায় জেফারসনেরও শ্বাস নিতে সমস্যা হতো বলে জানালেন চিকিৎসক। তাকে টিকিয়ে রাখতে অনেক লড়াই করতে হয়েছে।
বার্তাবাজার/কে.জে.পি