গণস্বাস্থ্য কেন্দ্রের বিজ্ঞানীদের উদ্ভাবিত কিটের অনুমোদন না দিয়ে জনগণের সাথে অন্যায় করা হচ্ছে বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাষ্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, ওষুধ প্রশাসন গণস্বাস্থ্যের কিটের নিবন্ধনের অনুমতি না দিয়ে জনগণের প্রতি অন্যায় ও দেশের বিরুদ্ধে শত্রুতা করছে।
শনিবার সন্ধ্যায় ঐক্যফ্রন্টের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম মিন্টু গণস্বাস্থ্যে চিকিৎসাধীন ডা. জাফরুল্লাহ চৌধুরীকে দেখে এসে এ কথা বলেন।
জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা অনেকটা ভালো আছে জানিয়ে ঐক্যফ্রন্টের এই নেতা বলেন, অনেকটাই ভালো। তবে শরীরে সামান্য জ্বর আছে। কথা বলেন আস্তে আস্তে। নিয়মিত এন্টিবায়োটিক দিতে হচ্ছে। নিয়মিত কিডনি ডায়ালাইসিস করছেন।
জাহাঙ্গীর আলম মিন্টু আরও জানান, ডা. জাফরুল্লাহ’র শরীর দূর্বল। তাকে আরো বেশ কিছুদিন হাসপাতালে থেকে চিকিৎসা নেয়ার জন্য চিকিৎসকরা জানিয়েছেন।
ডা. জাফরুল্লাহ চৌধুরী বর্তমানে তার নিজের স্থাপিত প্রতিষ্ঠান গণস্বাস্থ্য নগর হাসপাতালে অধ্যাপক ডা. ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) মামুন মোস্তাফি এবং অধ্যাপক ডা. নাজিব মোহাম্মদ এর তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।
বার্তা বাজার / ডি.এস