এবার সুনামগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে জুয়েল মিয়া (২৯ ) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মাকসুদুল আলম শনিবার (২৭ জুন) রাত ১২টার দিকে এই তথ্য জানান। নিহত জুয়েল মিয়া তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের আফাজ উদ্দিনের ছেলে।

জানা যায়, শনিবার বিকালে নিহত জুয়েল মিয়া নৌকা নিয়ে যাদুকাটা নদীতে ভারতে থেকে ভেসে আসা গাছের ডালপালা সংগ্রহ করতে বের হয়। একপর্যায়ে অসাবধানতাঃবশত ভারতের আন্তর্জাতিক সীমানার ১০০ গজ ভেতরে চলে যায়। বিষয়‌টি লক্ষ্য ক‌রে ভারতীয় বিএসএফ সদস্যরা তার উপর গুলি চালায়।

গুলিতে গুরুতর আহত হয়ে বাংলাদেশে ফিরে আসলে স্থানীয়রা তা‌কে উদ্ধার ক‌রে সি‌লেট এমএ‌জি মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে চি‌কিৎসার জন্য নি‌য়ে যায়। কিন্তু রাত ৯টায় হাসপাতা‌লে তার মৃত্যু হয়।

২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মাকসুদুল আলম বলেন, ডালপালা সংগ্রহ করতে গিয়ে সে আন্তজার্তিক সীমান্তরেখা পেরিয়ে ভারতে প্রবেশ করায় এ ঘটনাটি ঘটেছে। লাশ বর্তমা‌নে হাসপাতা‌লে আ‌ছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর