মানবপাচারের বিরুদ্ধে সরকারের অবস্থান জিরো টলারেন্স: প্রবাসী কল্যাণমন্ত্রী

মানবপাচারের মতো জঘন্য অপরাধের বিরুদ্ধে বর্তমান সরকারের অবস্থান জিরো টলারেন্সে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। মানবপাচার সংক্রান্ত যুক্তরাষ্ট্রের বার্ষিক প্রতিবেদনে বাংলাদেশ একধাপ উন্নতির প্রতিক্রিয়ায় মন্ত্রী এ কথা বলেন।

শনিবার (২৭ জুন) প্রবাসী কল্যা‌ণ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

মানবপাচার সংক্রান্ত যুক্তরাষ্ট্রের বার্ষিক প্রতিবেদনে একধাপ উন্নতি লাভ করায় ‘নজরদারি’ তালিকা থেকে বেরিয়ে এসেছে বাংলাদেশ। এই সংবাদে সন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।

ইমরান আহমদ বলেন, মানবপাচারের বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্ব আর সময়োচিত নির্দেশনার কারণেই বাংলাদেশের এই অর্জন সাধিত হয়েছে। অবৈধ কার্যকলাপের জন্য রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল, নিরাপদ অভিবাসন বিষয়ে সরকারের দেশব্যাপী প্রচারণা, আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা এই অর্জনে বিশেষ ভূমিকা রেখেছে।

মানবপাচার নির্মূলে এখনও যেসব বিচ্যুতি রয়েছে সেগুলো দূর করার বিষয়ে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন প্রবাসী কল্যাণ মন্ত্রী। তিনি বলেন, নিরাপদ, নিয়মিত, সুষ্ঠু ও দায়িত্বশীল শ্রম অভিবাসন নিশ্চিত করার জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসরণ করে কাজ করে যাচ্ছে। এক্ষেত্রে যেকোনো ধরনের বেআইনি কার্যকলাপের বিরূদ্ধে তার মন্ত্রণালয় জিরো টলারেন্স প্রদর্শন করে যাবে। সুষ্ঠু অভিবাসন নিশ্চিত করতে মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের প্রতিবেদনের বেশ কিছু পর্যবেক্ষণ কাজে লাগাবে।

ইমরান আহমদ আরও বলেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বিভিন্ন সংস্থা এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থাসহ বিভিন্ন উন্নয়ন সহযোগী, অভিবাসনের সাথে যুক্ত সিভিল সোসাইটি ও গণমাধ্যমসহ সকল অংশীজনের ঐক্যবদ্ধ প্রয়াসের ফলে বাংলাদেশ এক্ষেত্রে সফল হচ্ছে। এজন্য তিনি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং এই অর্জনকে আরো সুসংহত করার লক্ষ্যে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বিশেষভাবে উল্লেখ করেন যে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে মানবপাচারের বিরূদ্ধে আইনি ব্যবস্থা আরো জোরদার হয়েছে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর