ঢাকা ওয়াসার কারণে সিটি করপোরেশনকে মানুষ গালি দেয় বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। একইসাথে ওয়াসার উপর অর্পিত দায়িত্ব কেড়ে নিয়ে সিটি করপোরেশনকে দেয়ার দাবী জানিয়েছেন তিনি।
শনিবার (২৬ জুন) রাজধানীর কাওলায় সিভিল এভিয়েশন এলাকায় খননকৃত খালের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় সরকার মন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘খাল আইনগতভাবে ঢাকা জেলা প্রশাসনের অধীনে। আর খালের পানি নির্গমন ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব হলো ওয়াসার। আর বকাবকি ও গালি শুনতে হয় আমাদের। এটি হতে পারে না মাননীয় মন্ত্রী।’
ওয়াসার দায়িত্বে অবহেলাকে প্রশ্নবিদ্ধ করে তিনি বলেন, ‘আমরা কাজ করতে চাই। কারণ আমরা জনপ্রতিনিধি। কিন্তু ওয়াসার যারা আছেন, তাদের জনগণের কাছে জবাবদিহিতা করতে হয় না। জবাব দিতে হয় আমাদের।’
বার্তাবাজার/এসজে