ঠাকুরগাঁওয়ের হরিপুরে সরকারি কাজে বাধা দান, হাসপাতালে কর্তব্যরত ডাক্তারের সাথে খারাপ আচরণ ও মারপিটের হুমকি প্রদান করার অপরাধে আবু হায়দার (৪২) নামে এক আওয়ামী লীগ নেতাকে ভ্রাম্যমাণ আদালত ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে।
আবু হায়দার হরিপুর উপজেলার ৪নং ডাঙ্গীপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও রণহাট্টা চৌরঙ্গী উচ্চ বিদ্যালয়ের আইসিটি শিক্ষক।
হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও আসাদুজ্জামান বলেন, আবু হায়দার নামে এক ব্যক্তি হাসপাতালের জরুরী বিভাগে এসে কর্তব্যরত আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার সোনিয়ার সঙ্গে খারাপ আচরণ করে এবং তাকে বান্দরবান বদলী করার হুমকি প্রদান করে।
এসময় আমি ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টি জানার চেষ্টা করলে সে আমাকেও মারপিট করার হুমকি প্রদান করেন। তার মারমুখী আচরণ দেখে আমি বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার আব্দুল করিমকে অবহিত করি। পরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল করিম ঘটনাস্থলে এসে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বার্তা বাজার / ডি.এস