দুর্বৃত্তদের হামলায় আ’লীগ নেতা নিহত

বরিশালের বাবুগঞ্জে লোকমান হোসেন সিকদার (৪০) নামের এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।

শুক্রবার (২৬ জুন) রাতে ঘটনাটি ঘটে বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা বাজারে। এখন পর্যন্ত কেউ আটক হয়নি বলে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

নিহত লোকমান হোসেন সিকদার মাধবপাশা ইউনিয়নের ফুলতলা এলাকার বাসিন্দা মোসলেম সিকদারের ছেলে। তিনি মাধবপাশা ইউনিয়নের ৫ ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

জানা যায়, মাধবপাশা বাজারে লোকমান হোসেনের দুটি দোকান ছিল। একটিতে মুদি মালামাল বিক্রি করতেন। আরেকটি দোকানে ডেকোরেটরের মালামাল রাখতেন। শুক্রবার রাত ১১টার দিকে দোকান বন্ধ করে বাড়ি যাচ্ছিলেন। হঠাৎ কয়েকজন যুবক লোকমান সিকদারের পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতারি কুপিয়ে ঘটনাস্থলেই হত্যা করেন। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানা পুলিশের ওসি জাহিদ বিন আলম বলেন, শনিবার সকালে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে পরিবারের সদস্যরা এখনও মামলা করেননি। তারা ঘটনার সঙ্গে জড়িত কারও নাম বলতে পারছেন না।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর