বিয়ের প্রলোভনে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

খাগড়াছড়ির রামগড়ে বিয়ের প্রলোভনে এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বর্তমানে মেয়েটি ৮ মাসের গর্ভবতী বলে জানা গেছে। অভিযোগ পেয়ে ২৬ জুন (শুক্রবার) রাতেই পুলিশ ধর্ষক দীপ্ত ত্রিপুরাকে গ্রেফতার করেছে। সে রামগড় পৌরসভার ডেবারপাড় এলাকার ভূবন মোহন ত্রিপুরার ছোট ছেলে।

জানা যায়, ধর্ষনের শিকার মেয়েটি রামগড় বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর শিক্ষার্থী। উপজেলার পাতাছড়া ইউনিয়নের বেলছড়ি গ্রামের দরিদ্র পিতা হাসিরাম ত্রিপুরা মেয়েকে স্কুল হোস্টেলে রেখে পড়ালেখা করাতেন। এক পর্যায়ে পূর্ব পরিচিত হিসেবে ধর্ষকের মা তার মেয়েকে সাংসারিক কাজে সহযোগিতার কথা বলে তাদের বাড়িতে নিয়ে যায়। সে সুযোগে দীপ্ত ত্রিপুরা মেয়েটিকে বিয়ের প্রলোভন দেখিয়ে দৈহিক সম্পর্ক গড়ে তুলে। এক পর্যায়ে মেয়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি নিয়ে মেয়ের পরিবার ত্রিপুরা কল্যান সংসদের বিচারপ্রার্থী হয়। দুই দফা বিচারে বসেও কোন সুরাহা না হওয়ায় মেয়ের পিতা রামগড় থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন।

ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবা হাসিরাম জানান, তার অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে ফুঁসলিয়ে এ অপকর্ম করে। সামাজিক ভাবে একাধীকবার বিচার প্রার্থী হয়েও আসামী পক্ষ প্রভাব দেখিয়ে বিচার না মানায় তিনি থানায় মামলা করেন।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুজ্জামান জানান, অভিযোগ পেয়ে শুক্রবার রাত ২টায় আসামি দীপ্ত ত্রিপুরাকে গ্রেফতার করা হয়। আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর