চট্টগ্রামে চিকিৎসার জন্য সাধারণ রোগীদের হাহাকার বেড়েই চলেছে। চরম অব্যবস্থাপনার চিত্র চোখে পড়ছে প্রতিদিনই। এদিকে এক একটি আইসিইউ শয্যা যেন সোনার হরিণ। সাড়ে সাত হাজার করোনা আক্রান্তের জন্য শয্যা আছে মাত্র ২৪টি।
সাড়ে ৩ বছরের আলিফ টেবিল থেকে পড়ে ব্যথা পেয়েছে ভোরে। সন্তানকে কাঁধে নিয়ে হাসপাতালের এ মাথা থেকে ও মাথায় অসহায়ের মতো ঘুরছেন বাবা।
আরেক বাবার কোলে মাত্র কয়েক ঘণ্টা আগে জন্ম নেয়া প্রি ম্যাচিওর শিশু। শিশু আর অক্সিজেন সিলিন্ডার নিয়ে ক্লিনিক থেকে ছুটে এসেছেন চট্টগ্রাম মেডিকেলে। এই পরিবারগুলোর মতোই বন্দরনগরীর লাখো বাসিন্দার সুচিকিৎসার জন্য হাহাকার করছেন।
জনস্বাস্থ্য অধিকার কমিটি আহ্বায়ক ডা. মাহফুজুর রহমান বলেন, আমি করোনা রোগী কিন্তু হাসপাতালে ভর্তি হতে পারছি না, অক্সিজেন পাচ্ছি না।
সাধারণ রোগীদের যখন এ হাল, তখন করোনা আক্রান্তদের অবস্থাও খুব একটা ভালো নয়। চট্টগ্রামে করোনা রোগীর সংখ্যা প্রায় ৭ হাজার ৮০০। এর মধ্যে মৃত্যু হয়েছে ১৬৫ জনের। বেশিরভাগই প্রাণ হারিয়েছেন অক্সিজেন এবং আইসিইউ সংকটে। এ পর্যন্ত জেনারেল হাসপাতালে ১০, চট্টগ্রাম মেডিকেলে ৮ এবং মা ও শিশু হাসপাতালে ৬ আইসিইউ শয্যাই নগরবাসীর সম্বল।
স্বাচিপের সাংগঠনিক সম্পাদক ডা. আ ন ম মিনহাজুর রহমান বলেন, বেসরকারি হাসপাতালগুলো এগিয়ে না আসার কারণে বেসরকারি ব্যবস্থাপনার হাসপাতাল থেকে শুরু করে সবখানেই সংকট দেখা দিয়েছে।
নগরীর ২৮টি ক্লিনিকে আরও অন্তত ২০০ আইসিইউ শয্যা রয়েছে। কিন্তু সে সুবিধা পাচ্ছেন না কোভিড রোগীরা।
সময় টিভি
বার্তাবাজার/কে.জে.পি