যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া রিপোর্টে শনিবার(২৭শে জুন) যশোর জেলায় নতুন করে ৪৮টি নমুনা করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। সেই সাথে যশোর জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা পাঁচশত ছাড়ালো।
গত ২৪ ঘন্টায় যশোর জেলার ১২৮টি নমুনা পরীক্ষা করে ৪৮টি নমুনা করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। গতকাল শুক্রবার যশোর জেলায় সরকারি হিসেবে করোনায় আক্রান্ত রোগীর শনাক্ত ব্যক্তির সংখ্যা ছিল ৪৬৬। আজ পাওয়া ফলের মধ্যে কতটি ফলোআপ রয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে ধারাবাহিকতা অনুযায়ী বলা যেতে পারে,আক্রান্তের সিংহভাগই নতুন রোগী।
যবিপ্রবির এনএফটি বিভাগের চেয়ারম্যান ও চলমান পরীক্ষণ দলের সদস্য ডঃ শিরিন নিগার জানান, শুক্রবার তাদের ল্যাবে যশোর জেলার মোট ১২৮টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪৮টি পজেটিভ ও ৮০টি নেগেটিভ ফল দেয়। পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য জেলার সিভিল সার্জনের কার্যালয়ে পাঠানো হয়েছে।
যশোরের সিভিল সার্জন ডাঃ শেখ আবু শাহীন বলেন, সকালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ৪৮টি নমুনার পজেটিভ রেজাল্ট এসেছে। এর মধ্যে ফলোআপ আছে কি—না তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। নতুন শনাক্ত হওয়া রোগীদের ঠিকানা নিশ্চিত হয়ে তা স্থানীয় প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে। এরপর সংশ্লিষ্ট বাড়িগুলো লকডাউনসহ অন্যান্য কাজ করবে স্থানীয় কর্তৃপক্ষ।
কে.এ.স/বার্তাবাজার