করোনা পরিস্থিতির মধ্যে বাল্যবিয়ে, বর ও কনের বাবার অর্থদণ্ড

ফরিদপুরের বোয়ালমারীতে করোনা পরিস্থিতির মধ্যে বাল্যবিয়ের আয়োজন করার অপরাধে বর ও কনের বাবাকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ শুক্রবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. সাব্বির আহমেদ এ দণ্ডাদেশ দেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শুক্রবার উপজেলার গুনবহা ইউনিয়নের অমৃতনগর গ্রামের এক মাদ্রাসা ছাত্রীর সঙ্গে আইয়ুব আলী শেখের ছেলে মামুনের বিয়ের দিন ছিল। মেয়েটি স্থানীয় ছোলনা সালামিয়া ফাজিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্রী।

এ খবর পেয়ে দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. সাব্বির আহমেদ কনের বাড়ি গিয়ে বয়স প্রমাণের জন্য কনের জন্ম নিবন্ধন সনদ দেখতে চান। কনের বাবা একটি জাল সনদ পেশ করেন। এক পর্যায়ে স্বীকার করেন মেয়ের বয়স ১৮ বছরের কম।

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ এর ৫ ধারায় এই বিয়ের উপর নিষেধাজ্ঞা আরোপ করেন এবং পাত্রীকে স্থানীয় মহিলা মেম্বার, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের জিম্মায় সোপর্দ করেন। এছাড়া মেয়ে ও ছেলের অভিভাবকদের মুচলেকা নেন।

করোনা পরিস্থিতিতে বিয়ের আয়োজন করে জনসমাগম করায় এবং স্বাস্থ্যবিধি লংঘন করায় উভয়পক্ষকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর