টাঙ্গাইলে বিধবাকে মৃত সাজিয়ে টাকার বিনিময়ে ভাতার কার্ড পরিবর্তন!

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার পাকুটিয়া ইউনিয়নের রাউতারা পশ্চিমপাড়া গ্রামের মোসা. বানী বেগম (লাল ভানু) নামের এক বিধবা নারীকে মৃত সাজিয়ে টাকার বিনিময়ে ভাতাভোগী পরিবর্তন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। মোসা. বানী বেগম (লাল ভানু) রাউতারা পশ্চিমপাড়া গ্রামের মৃত আনোয়ার হোসেনের স্ত্রী।

বুধবার (২৪ জুন) টাঙ্গাইল জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগে মোসা. বানী বেগম জানান, তিনি ১৪/১৫ বছর আগে ভাতা বই পেয়ে প্রায় ৯ বছর ভাতা গ্রহণ করেছেন। পরে ভাতা বন্ধ হওয়ার কারনে সমাজ সেবা অফিসে যোগাযোগ করে জানতে পারে তাকে মৃত দেখিয়ে বই বাতিল করা হয়েছে। অভিযোগে তিনি আরও জানান, তার ভাতা বই ৫ হাজার টাকার বিনিময়ে অন্য কারও নিকট বিক্রি করা হয়েছে।

অভিযোগকারী মোসা. বানী বেগম জানান, ভাতা বইটি ফেরত পেতে মানুষের দ্বারে ঘুরেছেন । অথচ আজও তার ভাতা বইটি পুনরায় ফেরত পায়নি। ভাতা বন্ধ হওয়ার পর থেকেই অনেক কষ্টে দিনপাত করছেন তিনি। এছাড়া তিনি ঘটনাটির সুষ্ঠু তদন্ত করে ভাতা বইটি ফেরতের দাবী জানান।

আরেক ভাতাভোগী আবিস্কার বেওয়া জানান, কয়েক বছর মোসা. বানী বেগম (লালভানু) তার সাথে একত্রে ভাতা পেতেন । অথচ ৩/৪ বছর ধরে মোসা. বানী বেগম (লালভানু) ভাতা পাচ্ছে না।

স্থানীয় সাবেক ইউপি সদস্য মো. খবিরউদ্দিন জানান, তিনি ইউপি সদস্য থাকাকালীন সময় মোসা. বানী বেগম (লালভানু) কে একটি বিধবা ভাতা বই করে দিয়েছিলেন। তবে বর্তমানে কে বা কারা ভাতা বইটি আরেকজনের নামে করে দিয়েছে সে বিষয়ে সুষ্ঠ তদন্তের দাবী করেন।

ইউপি সদস্য শামীম আল মামুন খোকন জানান, ঘটনাটির বিষয়ে সঠিক তথ্য জানেন না । বিষয়টি বানী বেগমের পরিবারের মাধ্যমে শুনেছেন।

পাকুটিয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান ঘটনাটি অস্বীকার করে জানান, একজনের ভাতা বই আরেক জনের নামে পরিবর্তনের ঘটনাটি তার জানা নেই। এছাড়া কেউ এমন কোন অভিযোগ নিয়ে ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানের নিকট আসেনি।

ইউনিয়ন সমাজ কর্মী রাজিয়া খাতুন জানান, ইউনিয়ন পরিষদের দেওয়া তথ্য অনুযায়ী ভাতাভোগী পরিবর্তন করা হয়। ভাতাভোগী মৃত থাকার কারনে এক মহিলার ভাতা বই পরিবর্তন হয়েছে বলেও জানান।

এ ব্যাপারে নাগরপুর উপজেলা সমাজ সেবা অফিসার সৌরভ তালুকদার জানান, জীবিত ভাতাভোগীকে মৃত দেখিয়ে ভাতা বই পরিবর্তনের কোন সংবাদ পাওয়া যায়নি। এছাড়া এ রকম কোন অভিযোগ জানা নেই বলেও জানান।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর