বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যার ১ বছর আজ

বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যাকান্ডের এক বছর আজ। গত বছরের ২৬ জুন বরগুনা সরকারি কলেজ গেট এলাকায় নয়ন বন্ড বাহিনী প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে রিফাত শরীফকে। একমাত্র ছেলেকে হারিয়ে প্রায় সময়ই মানসিক সমস্যায় ভুগছেন রিফাতের মা।

করোনার প্রভাবে আদালত বন্ধ হয়ে যাওয়ায় শেষ পর্যায়ে এসে থমকে আছে মামলার কার্যক্রম।

২০১৯ সালের ২৬ জুন সকাল ১০টায় স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিকে কলেজে আনতে যায় স্বামী শাহনেওয়াজ রিফাত শরীফ। আগে থেকেই হত্যা পরিকল্পনা করে কলেজের সামনে ওৎ পেতে থাকে নয়ন বন্ড বাহিনী। তিনটি দলে বিভক্ত হয়ে হামলা চালায় রিফাত শরীফের ওপর। এই কিলিং মিশনে প্রায় ১৫ জন ০০৭ গ্রুপের সক্রিয় সদস্য দায়িত্বে থাকে হত্যাকারীদের নিরাপত্তায়। আরেক গ্রুপ আগলে রাখে রিফাত শরীফকে হত্যার সময় যেন সে পালিয়ে বাচতে না পারে। পরিকল্পনা অনুযায়ী দুই মিনিটেই শেষ হয় কিলিং মিশন। রিফাত শরীফ বরিশাল শেরে বাংলায় ওই দিনই মারা যায় চিকিৎস্যাধীন অবস্থায়। দেশব্যাপী প্রতিবাদের ঝড়ে সমালোচিত হয় পুলিশ।

ওই বছর ১জুলাই পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয় বাহিনী প্রধান নয়ন বন্ড। হত্যার পরিকল্পনাকারী দাবী করে রিফাতের স্ত্রী মিন্নিকেও গ্রেপ্তার করে পুলিশ। একের পর এক গ্রেপ্তার হয় আসামীরা।

রিফাত শরীফকে হারানোর এক বছরেও সন্তান হারানোর শোক কাটিয়ে উঠতে পারেনি রিফাতের মা। প্রতিদিন সকাল-বিকাল ছেলের কবরের পাশে গিয়ে দাড়িয়ে থাকেন তিনি। ছেলে হারানো শোকে মানসিক ভাবে বিপর্যস্তও হয়ে পরেছেন তিনি।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর