অবশেষে বাংলাদেশি যুবকের গলিত লাশ ফেরত দিলো বিএসএফ

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলিতে নিহত আব্দুল জলিলের (২৬) গলিত লাশ ফেরত দেয়া হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর আড়াইটার দিকে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গোবড়াকুড়া সীমান্ত এলাকায় পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবি’র কাছে লাশ হস্তান্তর করে বিএসএফ।

কড়ইতলী বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার আব্দুল মজিদ জানিয়েছেন, গত মঙ্গলবার (২৩ জুন) ভোরে গোবড়াকুড়া সীমান্তের দুইশ গজ ভেতরে ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনীর (বিএসএফ) গুলিতে মানসিক ভারসাম্যহীন আব্দুল জলিল নিহত হয়।

বিজিবির এই কর্মকর্তা আরও বলেন, ওইদিন বিকেল ৫টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত বাংলাদেশের গোবড়াকুড়া সীমান্তে দু’দেশের সীমান্ত কর্মকর্তাদের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। তখন বিএসএফ বলে ওইদিন কিছু বাংলাদেশি রাতে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করার চেষ্টা করলে বিএসএফ’র গুলিতে আব্দুল জলিল নিহত হয়।

পরদিন বুধবার (২৪ জুন) ময়নাতদন্ত শেষে লাশ ফেরত দেয়ার কথা থাকলেও ওইদিন লাশ ফেরত দেয়নি। পরে বুহস্পতিবার (২৫ জুন) দুপুর আড়াইটার দিকে আব্দুল জলিলের গলিত লাশ ফেরত দেয় বিএসএফ।

নিহত আব্দুল জলিল উপজেলার গোবড়াকুড়া ইউনিয়নের মানিক মিয়ার ছেলে।নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর