করোনা পরিস্থিতির মধ্যে তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে সারা দেশের মত এবার পঞ্চগড়েও ভার্চুয়াল মাধ্যমে হবে ডিজিটাল মেলা। মেলার সব কার্যক্রম থাকবে অনলাইনে। জেলার সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের অনলাইন ভিত্তিক বিভিন্ন কার্যক্রম, সেবা প্রদান ও উন্নয়ন সম্পর্কিত ভিডিও, ছবি ও তথ্যচিত্র তুলে ধরা হবে।
একই সাথে কোন কোন দপ্তর তথ্য প্রযুক্তিতে কতটা এগিয়ে তাও তুলে ধরা হবে। মেলার মাধ্যমে সহজেই অনলাইনভিত্তিক সেবা দেয়া হবে সাধারণ মানুষকে। থাকবে ডিজিটাল উদ্ভাবনীর প্রদর্শনী। আগামী ২৮ থেকে ৩০ জুন পর্যন্ত চলবে ভার্চুয়াল এই মেলা। তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বিভাগের উদ্যোগে তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর ও এটুআই’র সহযোগিতায় আয়োজন করা হয়েছে এই ‘অনলাইন প্ল্যাটফর্ম ডিজিটাল মেলা ২০২০।
বৃহস্পতিবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণমাধ্যমকর্মীদের এই তথ্য জানান পঞ্চগড় জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন। তিনি বলেন, টেকসই বাংলাদেশ বিনির্মাণে আইসিটির সর্বোত্তম ব্যবহার ও নিশ্চিতকরণ, নাগরিক সেবা সহজিকরণ ও উদ্ভাবনী উদ্যোগে সহযোগিতা প্রদানের জন্যই এই মেলার আয়োজন করা হচ্ছে। http://bangladesh.gov.bd/ এই লিংকে প্রবেশ করলেই পাওয়া যাবে ‘অনলাইন প্ল্যাটফর্ম ডিজিটাল মেলা ২০২০ এর পেজ। সেখানেই প্রবেশ করে প্রত্যেক জেলার কার্যক্রম দেখা যাবে। ডিজিটাল মেলা উপলক্ষে আমরা ব্যাপক প্রচার প্রচারণা চালাবো। আমরা সবাইকে অনুরোধ করবো এই মেলা ভিজিট করার জন্য। এই করোনাকালে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে আমরা সাধারণ মানুষকে সেবা দিতে চাই।
ভিডিও কনফারেন্সে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
বার্তা বাজার / ডি.এস