চট্টগ্রামে মালেকা হত্যাকান্ডের ঘটনায় গ্রেফতার ৩

চট্টগ্রামে সিআরবি এলাকায় ঘটিত মালেকা হত্যাকান্ডে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

স্বামীর খোঁজে বের হওয়া মালেকা বেগমকে ধর্ষনের চেষ্টায় ব্যর্থ হয়ে ও পুলিশের নিকট ধরা খাওয়ার ভয়ে মালেকা বেগমকে খুন করেছিল রুবেল প্রকাশ ভোলাইয়া ও সুমন নামে দুই ব্যক্তি।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে গতকাল (২৪ জুন) নগরীর সিআরবি কাঠ বাংলোতে খুন হওয়া মালেকা হত্যাকান্ডের ঘটনা ব্যাখ্যা করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) এস এম মেহেদী হাসান তার কার্যালয়ে এসব তথ্য প্রকাশ করেন।

পুলিশ সূত্রে জানা যায়, নিহত মালেকা বেগম স্বামী আবুল হোসেন প্রকাশ সুমনের সঙ্গে ঝগড়া করে টাইগারপাসে বোনের বাসা থেকে দুইজনই বের হয়ে পড়েন। পরে মালেকা বেগম বাসায় এসে ছেলের জন্য স্বামীর আনা দুধ ফেরত দিতে কোতোয়ালী থানাধীন বিআরটিসি মোড়ের ফলমণ্ডিতে স্বামীকে খুঁজতে যান। আবুল হোসেন প্রকাশ সুমনকে সেখানে না পেয়ে এক দোকানদারকে ছেলের জন্য আনা দুধ জমা দেন মালেকা বেগম। পরে সুমনের এক বন্ধুর কাছ থেকে রিকশা ভাড়ার টাকা নিয়ে বিআরটিসি মোড়ে ফ্লাইওভারের নিচে এসে দাঁড়ান রিকশার জন্য।

মালেকা বেগমকে একা দাঁড়িয়ে থাকতে দেখে রুবেল প্রকাশ ভোলাইয়া স্বামীর সন্ধান দেওয়ার কথা বলে তাঁকে সিআরবি এলাকার পরিত্যক্ত বাংলোতে নিয়ে যায় এবং সেখানে মালেকা বেগমকে ধর্ষণের চেষ্টা করে। মালেকা বেগম আত্মরক্ষার জন্য চিৎকার করলে আসামি সুমনও রুবেলের সঙ্গে যোগ দেয় এবং মালেকা বেগমকে ধর্ষণের চেষ্টা করে।

মালেকা বেগম এ ঘটনা পুলিশকে জানিয়ে দেবে বলে চিৎকার করতে থাকলে রুবেল ও সুমন দু’জনে মিলে বোরকা পেঁচিয়ে তাকে হত্যা করে এবং তার কাছে থাকা হুয়াই ব্র্যান্ডের একটি মোবাইল নিয়ে তার মরদেহ ঘটনাস্থলে ফেলে তারা পালিয়ে যায়।

ঘটনা তদন্তে কোতোয়ালি থানা পুলিশ মাঠে নামলে রুবেল ও সুমনকে গ্রেফতার করে ও পরে তাদের তথ্য মতে মালেকার ব্যবহৃত সেট ক্রয়ের দায়ে মাইকেল বড়ুয়া নামের একজনকে গ্রেফতার করে এবং মালেকা বেগমের ব্যবহৃত সেটটি উদ্ধার করে বলে জানান কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ কামরুজ্জামান।

কামরুজ্জামান আরো জানান, গ্রেফতারের পর রুবেল প্রকাশ ভোলাইয়া ও মাইকেল বড়ুয়াকে আদালতে হাজির করা হলে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

উল্লেখ্য, বুধবার (২৪ জুন) বিকালে সিআরবি এলাকার একটি পরিত্যক্ত বাংলো থেকে মালেকা বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর