ফেনীতে পুলিশের সঙ্গে গোলাগুলিতে ৩ ডাকাত নিহত

ফেনীর দাগনভূঞা উপজেলায় বৃহস্পতিবার (২৫ জুন) ভোরে ডাকাতিকালে দুর্বৃত্তরা আবদুল মান্নান (৪৫) ওরফে মনু নামে এক নৈশপ্রহরীকে খুন করেছে। পরে পুলিশ স্থানীয়দের সহযোগিতায় ৪ জনকে আটক করে। এদের মধ্যে তিনজন পুলিশের সঙ্গে গোলাগুলিতে প্রাণ হারায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা ফেনী-মাইজদী মহাসড়কসংলগ্ন বাজারের শরিয়ত এন্ড ব্রাদার্সের তালা ভেঙ্গে ট্রাকে মালামাল তুলছিল। নৈশপ্রহরী মনু ও রফিক ঘটনাটি দেখে চিৎকার করে বাধা দেয়। লোকজন টের পেয়ে মসজিদের মাইকেও ঘোষণা দেয়। এতে পুলিশ ও আশপাশের লোকজন আসতে দেখে ডাকাতরা পালিয়ে যায়।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম সিকদার গণমাধ্যমকে জানান, পুলিশ ঘটনাস্থলের পাশে নৈশপ্রহরী মান্নানের লাশ দেখতে পায়। অন্যদিকে তাৎক্ষণিক আশপাশে অভিযান চালিয়ে অন্তত ৪ জনকে আটক করেছে।

এ সময় আটকদের ছিনিয়ে নিতে সহযোগিরা পুলিশের সঙ্গে কয়েক রাউন্ড গুলি বিনিময় করে বলে তিনি জানান। এতে তিন ডাকাত গুলি বিদ্ধ হয়। এদের মধ্যে দু’জন ঘটনাস্থলে মারা যায়। অপর দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে আরো একজনের মৃত্যু হয়।

অপরাপর জড়িতদের ধরতে অভিযান অব্যাহত আছে বলে জানান ওসি।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর