দেশে করোনায় মৃতের সংখ্যা ১৬’শ ছুই ছুই। প্রতিদিনই মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে নতুন নাম। এর মধ্যে অনেকেই মারা যাচ্ছেন উপসর্গ নিয়ে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের করোনা ইউনিটে একদিনে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনা পজিটিভ ছিলেন দুইজন। অপর আটজন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন।
বুধবার (২৪ জুন) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। জানা গেছে, বুধবার রাত ১২টা পর্যন্ত ঢামেক করোনা ইউনিটে ১০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুইজন করোনা পজিটিভ ছিলেন।
করোনা আক্রান্ত হয়ে মৃত্যু ব্যক্তিরা হলেন- শরীয়তপুরের মো. রাসেল (৮৫) ও যশোরের বেলাল হোসেন (৫২)। এদিকে দেশে গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও তিন হাজার ৪৬২ জন। এতে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল এক লাখ ২২ হাজার ৬৬০ জনে।
আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৩৭ জন। এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল এক হাজার ৫৮২ জনে। বুধবার (২৪ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
কে.এ.স/বার্তাবাজার