ভাঙা ছাদ বাঁশ দিয়ে টিকিয়ে রেখে চলছে ব্যাংকের অফিস

সিলেটের জকিগঞ্জে পূবালী ব্যাংকের ভবনটির ছাদ ধসে যায় কিছুদিন আগে। কয়েকদিন ব্যাংক বন্ধ রাখার পর আবারও বাঁশের খুটি দিয়ে ছাত আটকে চালানো হচ্ছে ব্যাংকের কার্যক্রম। যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কায় অফিস করে যাচ্ছেন কর্মীরা।

কর্তৃপক্ষের এমন কর্মকান্ডে ব্যাংকে আগত গ্রাহকরাও অবাক হচ্ছেন। তাদের মাঝেও বিরাজ করছে আতঙ্ক।

জানা যায়, গত ১১ জুন রাতে পূবালী ব্যাংকের জকিগঞ্জ বাজার শাখার ছাদের একাংশ ধসে পড়ে।্রর মেরামতের জন্য ১২ জুন থেকে ১৬ জুন পর্যন্ত ওই শাখার ব্যাংকিং কার্যক্রম বন্ধ রাখা হয়। কিন্তু ১৭ জুন আবারও ব্যাংক খোলা হলে দেখা যায়, ধসে পড়া কংক্রিট ও সিমেন্টের টুকরাগুলো ঝুঁকিপূর্ণভাবে বাঁশ দিয়ে আটকে রাখা হয়েছে। এ অবস্থায় চলছে ব্যাংকিং কার্যক্রম। এমনকি বাঁশ দিয়ে আটকানো ছাদের নিচে বসে অফিস করছেন কর্মকর্তারা।

এ বিষয়ে পূবালী ব্যাংকের জকিগঞ্জ বাজার শাখার ম্যানেজার মো. হেলাল উদ্দিন জানান, হঠাৎ ছাদ ধসে পড়ার কারণে আমরা কয়েকদিন ব্যাংকের সব কার্যক্রম বন্ধ রাখি। পরে ইঞ্জিনিয়ারদের পরামর্শে সাময়িক সময়ের জন্য বাঁশ ও কাঠ দিয়ে ধসে পড়া অংশ মেরামত করা হয়েছে।

জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজন কুমার সিংহ বলেন, বিষয়টি আমার জানা নেই। ধসে পড়া ছাদ এভাবে মেরামত করে ব্যাংকিং কার্যক্রম চালু রাখা ঠিক নয়। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে দ্রুত ব্যবস্থা নিতে ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলব।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর