চট্টগ্রামে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত সন্ত্রাসী রুবেল

চট্টগ্রামে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে সাত মামলার আসামি রুবেল (২৭) নামে এক যুবক। বুধবার (২৪ জুন) ভোরে দক্ষিণ কাট্টলী বারুনীঘাটা নিঝুম পার্ক এলাকায় খুন, ডাকাতি ও সন্ত্রাসের ঘটনায় সাত মামলার আসামি রুবেল পুলিশের সাথে বন্দুকযুদ্ধের ঘটনায় নিহত হয়।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈনুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় কিছু ডাকাত দক্ষিণ কাট্টলী বারুনীঘাটা নিঝুম পার্ক এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। খবর পেয়ে আমরা সেখানে গেলে ডাকাত দলের সাথে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। বন্দুকযুদ্ধ শেষে ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয় ও মোহাম্মদ ইয়াছিন (২৪) নামে একজনকে গ্রেফতার করা হয়। এছাড়া গোলাগুলিতে পাহাড়তলী থানার চার পুলিশ সদস্যও আহত হয়েছেন।

তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে দুইটি দেশীয় তৈরি পাইপগান, দুইটি কিরিচ, একটি চাইনিজ চাপাতি, একটি টিপছুরি, এক রাউন্ড গুলি, তিন রাউন্ড তাজা কার্তুজ ও ১২ রাউন্ড কার্তুজের খোসা উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, নিহত রাসেল একজন দুর্ধর্ষ ডাকাত ও সন্ত্রাসী। অস্ত্র প্রদর্শন ও খুনখারাবার দ্বারা এলাকায় আতঙ্ক সৃষ্টি করা ছিল তার কাজ। বছরখানেক আগে নগরীর সবুজবাগ আবাসিক এলাকায় এক ব্যক্তিকে গুলি করে। দুই বছর আগে তাকে একবার গ্রেফতার করা হয়েছিল। কিন্তু সে জামিনে বেরিয়ে এসে পুনরায় তার অপকর্ম চালাতে থাকে। দীর্ঘদিন যাবত পুলিশ তাকে ধরার চেষ্টা করে আসছিলো। যার পরিপ্রেক্ষিতে বুধবার (২৪ জুন) ভোর ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে রুবেল নিহত হয় এবং তার এক সঙ্গী গ্রেফতার হয়।

নিহত রাসেল গ্রিনভিউ আবাসিক এলাকার তিন নম্বর রোডের সামশুল হকের দত্তক নেওয়া সন্তান এবং গ্রেফতার ইয়াছিন (২৪) কুমিল্লা জেলার লাকসাম হাজীপুর এলাকার মোহাম্মদ খোকনের ছেলে বলে জানায় পুলিশ।

কে.এ.স/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর