ফরিদপুরের বোয়ালমারীতে এক নিঃসন্তান দম্পতি একসাথে গলায় ফাঁসি নিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। আজ বুধবার দুপুরে উপজেলার শেখর ইউনিয়নের দরিসহস্রাইল গ্রামে এ ঘটনা ঘটে। আত্মহত্যাকারী দম্পতির নাম রাকিব মোল্যা ও ইভা বেগম।
জানা যায়, দাম্পত্যহতাশার জের ধরে বসত ঘরের আড়ায় গলায় ফাঁস নেয় ওই দম্পতি। বিষয়টি টের পেয়ে প্রতিবেশিরা তাদের উদ্ধার করে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
শেখর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইস্রাফিল মোল্যা বলেন, রাকিবের সাথে বোয়ালমারী পৌর সদরের দক্ষিণ কামারগ্রামের ইকরাম মৃধার মেয়ে ইভার প্রায় তিন বছর আগে বিয়ে হয়। দাম্পত্য জীবনে তারা নিঃসন্তান। এ নিয়ে তাদের মধ্যে হতাশা ছিলো। এই হতাশার কারণে তারা আত্মহত্যা করতে পারে।
রাকিব জাহাজে চাকরি করতো, সম্প্রতি করোনাভাইরাসের কারণে বাড়িতে এসে রাজমিস্ত্রীর কাজ করছিল সে। আলফাডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফয়সাল আহমেদ জানান, ‘লাশ ময়না তদন্তে পাঠানোর জন্য প্রস্তুতি চলছে।’
কে.এ.স/বার্তাবাজার