ব্রহ্মপুত্রের খনন বন্ধ করে দিল এলাকাবাসী

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ব্রহ্মপুত্র নদের চলমান খনন কাজ বন্ধ করে দিয়েছে এলাকাবাসী। খননের বালু ব্যক্তি মালিকানা জমিতে পড়ে মানুষ ফসলি জমি হারাবে এই শঙ্কায় বুধবার সকালে এলাকাবাসী কাজে বাঁধা দিলে বন্ধ হয়ে যায় খনন কাজ।

সরকারি ভাবে ব্রহ্মপুত্র নদের প্রবাহ ঠিক রাখতে খনন প্রকল্পের কাজ শুরু হয়। ঈশ্বরগঞ্জের অভ্যন্তরে প্রায় ১০ কিলোমিটার নদ খননের কাজ করছে ওয়েস্টার্ণ কোম্পানি। উপজেলার রাজিবপুর ইউনিয়নের লাটিয়ামারি এলাকায় খনন কাজ শুরু করার জন্য গত কয়েকদিন ধরে প্রস্তুতি শুরু হয়েছে। খননকৃত বালু ফেলার জন্য মাটি দিয়ে একটি বেস্টনি তৈরি করে।

কিন্তু বালু ফেলার জন্য প্রস্তুতকৃত চররামমোহন ও চরনওপাড়া মৌজায় প্রায় ৮০০ একর জমির মধ্যে অধিকাংশই ব্যক্তি মালিকানাধীন। গ্রামের অনেক কৃষকের শেষ সম্বল সেখানে। নদী খননের বালু ফেলে সরকারি দখলে নেওয়ার প্রস্তুতি শুরু হলে দিশাহীন মানুষ মঙ্গলবার স্থানীয় আমিন দিয়ে কাগজপত্র ও নকশা দেখে জমি চিহ্নিত করে নিশান টানায়।

পরে বুধবার বেলা ১১ টার দিকে গ্রামের কয়েকশ নারী-পুরুষ নদী পাড়ে গিয়ে বালু উত্তোলন বন্ধ করে দেন। খননকৃত বালু ফেলার জন্য জমি সঠিক ভাবে নির্ধারণ করে খনন কাজ শুরুর দাবি জানিয়ে কাজ বন্ধ করে দেওয়া হয়।

স্থানীয় জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান শরাফত বলেন, নদীর পাড়ে ২ একর খাস জমি রয়েছে। কিন্তু সেই জমির বাইরে অসহায় কৃষকের জমিতে নদী খননের বালু ফেললে সর্বশান্ত হবে মানুষ। ওই অবস্থায় খনন কাজ বন্ধ রেখে জমি শনাক্ত করে কাজ শুরুর দাবি জানিয়েছেন তারা।

নদী খনন কাজে নিয়োজিত ওয়েস্টার্ণ কোম্পানির সুপার ভাইজার জমশেদ আলম বলেন, স্থানীয় লোকজন তাদেন নিজস্ব জমি দাবি করে কাজ বন্ধ করে দিয়েছে। বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাঈদা পারভীন বলেন, এলাকার লোকজন বিষয়টি অবহিত করেছে। ব্যক্তি মালিকানা জমিতে বালু ফেলা হবে না। বিষয়টি দেখে জমি শনাক্ত করে দেওয়ার জন্য স্থানীয় ভূমি কর্মকর্তা (নায়েব) কে পাঠানো হবে।

কে.এ.স/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর