চলমান করোনা পরিস্থিতিতে দেশজুড়ে গ্রাহকরা দুশ্চিন্তায় আছেন বাড়তি বিদ্যুৎ বিল নিয়ে। তুমুল সমালোচনার মাঝে বাড়তি বিল নিয়ে গ্রাহকদেরকে দুশ্চিন্তা না করতে অনুরোধ করেছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। একইসাথে এইসব বিল দ্রুত সংশোধন করার আশ্বাস দেন তিনি।
বুধবার (২৪ জুন) বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিদ্যুত খাতের বাজেট নিয়ে আয়োজিত এক ভার্চুয়াল সংলাপে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এসব কথা বলেন।
তিনি জানান, কিছু কিছু গ্রাহকের ক্ষেত্রে বেশি বিল করে ফেলা হয়েছে। এটা ভুলক্রমে হয়েছে। ইতিমধ্যে আমরা ওইসব বিল ঠিক করার নির্দেশ দিয়েছি। নিকটস্থ বিদ্যুৎ অফিস গেলেই বিল ঠিক করে দেয়া হবে। গ্রাহকের কোনো ভয় নেই। কাউকে অতিরিক্ত বিল দিতে হবে না।
সিপিডির চেয়ারম্যান রেহমান সোবহান এই সংলাপে সভাপতিত্ব করেন। এ ছাড়া বিদ্যুৎ খাত নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম। অনুষ্ঠানটি পরিচালনা করেন সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। এতে সাবেক ও বর্তমান আমলা, অর্থনীতিবিদসহ বিদ্যুৎ খাতের বিশেষজ্ঞরা অংশ নেন।
বার্তাবাজার/এসজে