রাঙ্গাবালীতে নির্মাণের কয়েক ঘন্টার ব্যবধানে সড়কে ফাটল

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের বড়ইতলা বাজারের নবনির্মিত সড়কের অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। সড়ক নির্মাণে তদারকির দায়িত্বে থাকা এলজিইডির উপসহকারী প্রকৌশলী আব্দুস সালামের যোগসাজশে প্রয়োজনীয় নির্মাণসামগ্রী ব্যবহার না করে যেনতেনভাবে কাজটি করছে ঠিকাদার প্রতিষ্ঠান।

এদিকে, সড়ক নির্মাণকাজে অনিয়মের প্রতিবাদে মঙ্গলবার সকাল ৯ টায় বড়ইতলা বাজারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি করেছে স্থানীয় লোকজন ও ব্যবসায়ীরা। তারা অভিযোগ করে বলেন, ঢালাই কাজের উপাদান মিশ্রণ তৈরির সময় মিক্সার মেশিনে সিলেটচান (লাল) বালুর পরিবর্তে সাদা বালু এবং ৬টি খোয়ার পরিবর্তে ৮টি খোয়া দেওয়া হয়। এবিষয়টি উপসহকারী প্রকৌশলীকে অবহিত করলে তিনি লোকজনের সঙ্গে অসদাচরণ করেন। ধারণা করা হচ্ছে, ঠিকাদারের কাছ থেকে অনৈতিক সুবিধা নেওয়ায় নির্মাণকাজে অনিয়ম হলেও তিনি তা প্রশ্রয় দিয়েছেন। তাই সড়কটি পুন:নির্মাণের দাবি জানান তারা।

ছবি : বার্তা বাজার

প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়া বড়ইতলা বাজারের রেশাদ খলিফা, আল আমিন ও মানিক গাজী বলেন, ‘খুব নিম্নমানের সড়ক হয়েছে। তবুও তদারকির দায়িত্বরত ব্যক্তি চুপ ছিলেন। তাকে বলা সত্ত্বেও তিনি কর্ণপাত করেননি। বরংচো পটুয়াখালীর ছেলে বলে হুমকি ধামকি দিয়েছেন আমাদের। আমরা সড়কটি পুন:নির্মাণের দাবি জানাই।’ স্থানীয় বাসিন্দা ডিউক মল্লিক বলেন, ‘আব্দুস সালাম সাহেবকে (উপসহকারী প্রকৌশলী) সড়ক নির্মাণে অনিয়মের বিষয়টি জানাই। তিনি তখন আমাদের ওপর ক্ষুব্ধ হয়ে চাঁদাবাজি মামলাসহ দেখে নেওয়ার হুমকি দেন। একজন সরকারি কর্মচারীর এমন আচরণ সত্যি দুঃখজনক।’

ঠিকাদারের পক্ষে নির্মাণকাজ বাস্তবায়নকারী নূর আলম জানান, ‘সড়কের কাজ মিস্ত্রীদের চুক্তিতে করাচ্ছি। মিস্ত্রীরা মালটা নরম করছে, শক্ত করলে এ ঝামেলা হতো না। আমি নিজে ডাকাডাকি করছি। আমি মেশিন বন্ধও করে দিয়েছিলাম।’

সড়ক তদারকির দায়িত্বে থাকা উপসহকারী প্রকৌশলী আব্দুস সালাম বলেন, ‘আমরা সরকারি চাকরি করি, আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করবে? যা মন চায়, তাই ব্যবহার করবে? আমি তাদেরকে বুঝিয়ে বলেছি, তবুও শোনে না।’

এ ব্যাপারে এলজিইডির উপজেলা প্রকৌশলী মো. মিজানুল কবির জানান, ‘ঘটনাস্থলে গিয়ে বিষয়টি আমি দেখবো।’ উপসহকারী প্রকৌশলীর হুমকির বিষয়ে জানান, ‘এটা তার কাছে জিজ্ঞেস করবেন। তিনি এটা করতে পারেন না।’

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর