দশমিনায় চেয়ারম্যানের পেটে ভিজিডির ৫৮ টন চাল

পটুয়াখালীর দশমিনার আলিপুরায় তিনমাসের চাল আত্মসাতের ঘটনা প্রমাণিত হওয়ায় অভিযুক্ত চেয়ারম্যান বাদশা ফয়সাল আহম্মেদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হয়েছে।

এদিকে চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বাদশা ফয়সালের বিরুদ্ধে দ্বিতীয় দফা ভিজিডির চাল আত্মসাতের অভিযোগ করা হয়েছে। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সদস্যরা এ অভিযোগ করেন।

গত ২১ জুন পটুয়াখালী জেলা প্রশাসকের কাছে দাখিল করা অভিযোগে উল্লেখ করা হয়, দশমিনা উপজেলার আলীপুরা ইউনিয়ন পরিষদে ভিজিডির আওতায় ৬১৫ জন হতদরিদ্রের নাম রয়েছে। তিন মাসের ৬১৫ জনের ৫৮ টন চাল ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বাদশা ফয়সালের কাছে রেখে পরে তা নিজেই ভোগ করেন বলে অভিযোগ করা হয়।

জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবং স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোঃ হেমায়েত উদ্দিন এ তদন্ত প্রতিবেদন দাখিল করেন। যা পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ে জেলা প্রশাসক কর্যালয় থেকে প্রেরণ করা হয়েছে।

ইউনিয়ন চেয়ারম্যান বাদশা ফয়সাল আহম্মেদ ভিজিডি’র চাল বিতরণ না করে ভুয়া সই/স্বাক্ষর গ্রহণ, ভিডিজির উপকারভোগীদের ভিজিডি কার্ড অসৎ উদ্দেশ্যে নিজের কাছে জমা রাখা, চাল বিতরণের দিন ক্ষণ যথা সময়ে ট্যাগ অফিসারকে অবহিত না করা এবং সুবিধাভোগীদের সাথে অসদাচরণ এবং চাল বিতরণে ইউনিয়র পরিষদ সদস্যদের কে সময়মত সম্পৃক্ত না করে চাল বিতরণ সংক্রান্ত অভিযোগ সমূহের সত্যতা প্রমাণিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ হেমায়েত উদ্দিন সাংবাদিকদের বলেন, জেলা প্রশাসক মহোদয় তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে অভিযুক্ত চেয়ারম্যানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য পত্র প্রেরণ করেছেন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর