ব্রাজিলে একদিনেই করোনা শনাক্ত ৪০ হাজারের বেশি

দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪০ হাজার ১৩১ জনের মরণঘাতী করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। মহামারি শুরুর পর একদিনে এটাই দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্তের ঘটনা।

ওয়ার্ল্ডওমিটারের তথ্য মতে, দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১১ লাখ ৫১ হাজার ৪৭৯ জন। আর মারা গেছে ৫২ হাজার ৭৭১ জন।

আক্রান্ত ও মৃতের সংখ্যায় যুক্তরাষ্ট্রের পরে দ্বিতীয় স্থানে ব্রাজিল। আর লাতিন আমেরিকায় তারা সবার ওপরে।

এদিকে যুক্তরাষ্ট্রে আগামী কয়েকদিনে করোনাভাইরাস ভয়াবহ আকার ধারণ করবে বলে সতর্ক করে দিয়েছেন দেশটির শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফৌসি। তিনি বলেন, বর্তমানে কিছু অঙ্গরাজ্যে করোনাভাইরাসের বিরক্তিকর উত্থান দেখছে জাতি। তবে সামনের দিনগুলোতে এ সংক্রমণ আরও ভয়াবহ রূপ ধারণ করবে।

প্রাণঘাতী করোনাভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে-এক লাখ ২৩ হাজার ৪৭৩ জন। আর মোট আক্রান্তের সংখ্যা ২৪ লাখ ২৪ হাজার ১৬৮ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৬ হাজারেরও বেশি আক্রান্ত হয়েছে।

বিশ্বে এ পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৯৩ লাখ ৫৪ হাজার ৩২৬ জন। মৃত্যু হয়েছে ৪ লাখ ৭৯ হাজার ৮১৬ জনের। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫০ লাখ ৪১ হাজার ৮১৩ জন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর