এবার এক করোনা রোগীকে নিজের প্লাজমা দিতে মধ্যরাতে হাসপাতালে নাসিকের কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ।
মঙ্গলবার (২৩ জুন) দিবাগত রাতে রাজধানীর আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে এক করোনা রোগীর জন্য প্লাজমা ডোনেশন করেন খোরশেদ।
এর আগে মধ্যরাতে ওই রোগীর আহ্বানে সাড়া দিয়ে প্লাজমা ডোনেশন করতে খোরশেদের প্লাজমা টিম হাসপাতালে ছুটে যায়। এর আগে এই টিম ২৯ জন করোনা রোগীকে প্লাজমা ডোনেশন করেছেন।
কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ জানান, মানুষের প্রয়োজনে আমরা সব সময় প্রস্তুত আছি। এটি আমাদের ৩০ তম প্লাজমা ডোনেশন। আজ ‘বি’ পজিটিভ প্লাজমা প্রয়োজন ছিল। প্লাজমা ডোনেশন টিম প্লাজমা দিতে গেলে পরপর দুজন ডোনারের অ্যান্টিবডি পরীক্ষায় রিজেক্ট হয়।
পরে মানবিক কারণে আল্লাহর রহমতে আমি নিজেই হাসপাতালে গিয়ে ২০০ এমএল প্লাজমা ডোনেশন করি। আল্লাহর কাছে শুকরিয়া যে আমি করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হওয়ার পর দ্রুত আমার শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে।
কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ করোনা ও করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তিদের গোসল, জানাজা, দাফন ও সৎকারে ‘টিম খোরশেদ’ গঠন করেছেন। এখন পর্যন্ত টিম খোরশেদ ৮৭টি মরদেহ দাফন ও সৎকার করেছে। করোনায় মানবসেবায় কাজ করে যাচ্ছেন তারা।
বার্তাবাজার/এমকে