মেহেরপুরে ইয়াবাসহ এক কারারক্ষী পুলিশকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার (২৩ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার সময় মেহেরপুর শহরের খন্দকারপাড়া এলাকার ইয়াসীন আলীর বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত ওই পুলিশ সদস্যের নাম আলীম বিশ্বাস (৪২)। তিনি কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার থানাপাড়া এলাকার তোজিন উদ্দীন বিশ্বাসের ছেলে। কারা পুলিশ নং ৪১৯১১ নাম্বারের এই কারারক্ষী মেহেরপুর জেলা কারাগারের পুলিশ হিসেবে দায়িত্বরত ছিলেন।
জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক জুলফিকার আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে ইয়াবাসহ আটক করে। আলীম বিশ্বাস ২০১৮ সালে দায়িত্বে অবহেলার অভিযোগে সাময়িক বহিষ্কার হয়েছিলেন। তিনি সরকারি চাকরির পাশাপাশি বিভিন্ন প্রকার মাদকদ্রব্য সংগ্রহ করে জেলখানার কয়েদিদের মধ্যে মোটা অংকের টাকায় তা বিক্রি করতেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বুধবার সকালে আদালতের মাধ্যমে তাকে মেহেরপুর জেলহাজতে পাঠানো হবে বলে জানান গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা।
বার্তাবাজার/এসজে