ফরিদপুরের আলফাডাঙ্গায় ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতটি দোকান সম্পূর্ণরূপে পুড়ে ছাই হয়ে গেছে। এতে নিঃস্ব হয়ে পড়ল ব্যবসায়ী পরিবারগুলো। আজ মঙ্গলবার আনুমানিক দুপুর ২টার দিকে উপজেলার সদর বাজারের চৌরাস্তায় ভয়াবহ অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে প্রায় এক কোটি টাকার ক্ষতিসাধন হয়েছে বলে জানিয়েছে ব্যবসায়ীরা।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন, গৌরাঙ্গ বিশ্বাসের মুদি দোকান, সিরাজুল ইসলামের চায়ের দোকান, বিকাশের এজেন্ট পলাশ রেজা, আরাফাতের মুদি দোকান, আফসার শেখের মেডিসিন কর্ণার, গৌতম বিশ্বাসের সেলুনের দোকান ও কামাল মোল্যার দোকানঘর।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার আনুমানিক দুপুর ২টার দিকে প্রথমে গৌরাঙ্গ বিশ্বাসের মুদি দোকান থেকে আগুনের ধোঁয়া দেখতে পেয়ে দ্রুত বাজারের আশেপাশের লোকজন এগিয়ে আসে। মুহূর্তের মধ্যে আগুন বিভিন্ন দোকানে ছড়িয়ে পড়তে থাকে। একপর্যায়ে আগুনের শিখা দেখে দিগবিদিক হারিয়ে ফেলে লোকজন।
খবর পেয়ে দ্রুত ছুটে আসেন বাজারের সকল ব্যবসায়ীরা। তারা বোয়ালমারী ফায়ার সার্ভিসের সদস্যদের খবর দিলে ঘটনাস্থলে দ্রুত ছুটে আসেন তারা। অবশেষে প্রায় এক ঘণ্টা অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ততক্ষণে সাতটি দোকান সম্পূর্ণরূপে পুড়ে ছাই হয়ে যায়।
বোয়ালমারী ফায়ার সার্ভিসের ডিউটিরত অফিসার মো. ওয়াহিদুজ্জামান খান জানান, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। প্রায় এক ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।
কে.এ.স/বার্তাবাজার