সিরাজগঞ্জে লুটপাটে বাধা দেয়ায় অসুস্থ বৃদ্ধার মৃত্যু

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় বাড়ির মালামাল লুটপাটে বাধা দেওয়ায় আবু বক্কার সিদ্দিক শেখ (৮০) নামের এক অসুস্থ্য বৃদ্ধার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৩ জুন) দুপুরে উপজেলার পাড়কোলা গ্রামে এ ঘটনা ঘটে।

সিদ্দিক শেখ পৌর এলাকার পাড়কোলা গ্রামের মৃত আলম শেখের ছেলে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জের ধরে গত ৩ মে শাহজাদপুর উপজেলার পাড়কোলা গ্রামে সাবেক কাউন্সিলর পীযূষ ও বর্তমান কাউন্সিলর বেল্লাল গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়।

ওই সময় বেল্লাল গ্রুপের সমর্থক আজগর আলী নামের এক বৃদ্ধ নিহত হন। এ ঘটনায় হত্যা মামলা দায়ের হলে পীযূষ গ্রুপের লোকজন এলাকা ছেড়ে অন্যত্র আত্মগোপন করে। এই সুযোগে বেল্লাল গ্রুপের লোকজন পীযূষ গ্রুপের লোকজনের বাড়িতে প্রায় সময় লুটপাট করে। মঙ্গলবার দুপুরে বেল্লাল গ্রুপের লোকজন সিদ্দিক শেখের বাড়িতে লুটপাট করতে গেলে তিনি বাধা দেন। এ সময় তাঁকে মারধর করে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। এতে ঘটনাস্থলেই সিদ্দিক শেখের মৃত্যু হয়।

খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। এ ব্যাপারে থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। খবর পেয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। সিদ্দিকের স্বজনদের দাবি, বেল্লাল কাউন্সিলরের লোকজন পরিকল্পিতভাবে লুটপাট করতে এসে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।

কে.এ.স/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর