চট্টগ্রামের চাক্তাই খাল হতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। মঙ্গলবার (২৩ জুন) বিকেল সাড়ে তিনটার দিকে নগরীর চাক্তাইর খাল সংলগ্ন ভাঙ্গার পোল এলাকার আমির হাজী সড়কের মিয়া সওদাগরের ভবনের পাশে খালের পানি হতে মোহাম্মদ রুবেল নামের ২৫ বছর বয়সী এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার উদ্দিন জানান, দুপুরে গোসল করার সময় রুবেল (২৫) নামে এক যুবক খালে নিখোঁজ হওয়ার খবর পেলে লামারবাজার ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল ও আগ্রাবাদ বিভাগীয় অফিসের ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এবং খালে পানির স্রোত কম থাকাতে ডুবুরিরা অতি অল্প সময়ের মধ্যে যুবকের মরদেহ উদ্ধার করতে সক্ষম হন।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, মৃত রুবেলের মানসিক সমস্যা ছিল। দুপুরে সে খালে গোসল করতে নামলে তাকে পাওয়া যাচ্ছিলোনা। তাই তার পরিবারের পক্ষ হতে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা এসে রুবেলের মরদেহ উদ্ধার করে এবং তাঁর লাশ পুলিশকে বুঝিয়ে দেয়।
কে.এ.স/বার্তাবাজার