নমুনা দেয়ার ১৭ দিন পরেও রিপোর্ট পাননি চট্টগ্রামের পটিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা জাহান উপমা। অবশেষে বাধ্য হয়ে আবারও যোগ দিয়েছেন কর্মস্থলে। ১৪ দিনের কোয়ারেন্টাইন শেষ করে নেতৃত্ব দিয়েছেন বেশ কয়েকটি অভিযানেও।
সোমবার (২২ জুন) নিজ কর্মস্থলে যোগদান করেন তিনি। একইদিনপটিয়া পোস্ট অফিস মোড়, আদালত রোড, সবুর রোড, ক্লাব রোড, স্টেশন রোড, ডাকবাংলো মোড়, মুন্সেফ বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন তিনি। স্বাস্থ্যবিধি না মানায় করেন জরিমানা।
রিপোর্ট না পাওয়ার বিষয়ে ফারহানা জাহান উপমা জানান, ‘নমুনা দিয়েছি ১৭ দিন আগে, রিপোর্ট আসেনি। বাসায় বসে থেকে কী করব? শারীরিকভাবে বেশ সুস্থ বোধ করছি। এ ছাড়া ১৪ দিন কোয়ারেন্টিন পালন করেছি। কোনো রিপোর্ট না আসায় গতকাল সন্ধ্যা সাড়ে ৭টা থেকে কাজে নেমেছি।’
ইউএনও আরও বলেন, ‘আমার শরীরে কোনো উপসর্গ নেই। পটিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন আমাকে।’
পটিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ জাবেদ জানান, চট্টগ্রামে জটের কারণে নমুনাগুলো পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। কিন্তু এ পর্যন্ত কোনো ফলাফল প্রকাশ করা হয়নি। তবে কয়েক দিনের মধ্যে ফলাফল আসতে পারে।
বার্তাবাজার/এসজে