ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গাছ কাটার জন্য মাটি খুঁড়তে গিয়ে পাওয়া গেলে মুক্তিযুদ্ধে ব্যবহৃত অস্ত্র। আজ (মঙ্গলবার) দুপুরে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের আমিনপাড়া এলাকার একটি মাজারের পাশ থেকে পরিত্যক্ত একটি স্ট্যান গান, একটি পাইপগান ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়।
জানা যায়, দুপুরে আমিনপাড়া এলাকার করিম উদ্দীন শাহ্ (র.) মাজারের পাশে একদল গাছ কাটার শ্রমিক গাছ কাটতে মাটি খুঁড়তে থাকেন। কয়েক ফুট খোঁড়ার পর একটি পলিথিনে মোড়ানো অবস্থায় একটি স্ট্যানগান, একটি পাইপগান ও একটি ম্যাগজিন দেখতে পান।
পরে কাঠুরেরা বিষয়টি ইউপি চেয়ারম্যান রাজিব আহমেদকে জানালে তিনি পুলিশে খবর দেন। পরবর্তীতে সরাইল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে এগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোজাম্মেল হোসেন রেজা বিষয়টি নিশ্চিত করে বলেন, ধারণা করা হচ্ছে এগুলো মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত হয়েছিল। এ বিষয়ে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
বার্তাবাজার/এসজে