চলমান করোনা সংকটে আর্থিক অনটনে থাকা ইজিবাইক চালকদের সাথে পৌরটোল ও সমাজকল্যাণের নামে চাঁদাবাজি বন্ধ না করায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাই পৌর মেয়র মির্জা ফয়সাল আমিনের কুশপুত্তলিকা দাহ করেছেন ঠাকুরগাঁওয়ের ইজিবাইক চালকরা।
আজ (মঙ্গলবার) দুপুরে ঠাকুরগাঁও ইজিবাইক শ্রমিক ইউনিয়নের ব্যানারে শহরের চৌরাস্তায় এ বিক্ষোভ সমাবেশ ও পৌর মেয়রের কুশপুত্তলিকা পুড়িয়ে বিক্ষোভ প্রকাশ করেন।
এ সমপ্য বিক্ষোভকারীরা জানান, করোনায় ২ মাস লকডাউন চলায় অধিকাংশ ইজিবাইক চালক ঋণে জর্জরিত হয়ে পড়েন। এখন যাত্রী কম থাকায় আয় রোজগারও কমে এসেছে। এরপরও কমেনি পৌরটোল ও শ্রমিক কল্যাণের নামে রাস্তায় চাঁদাবাজি। চাঁদা দিতে দিতেই শ্রমিকদের আয়ের অনেক টাকা চলে যায়।
এই অবস্থায় ঠাকুরগাঁও পৌরসভা আবার নতুন করে এই অর্থবছরে ইজিবাইকে টোল আদায়ের জন্য দরপত্র আহ্বান করেছে। অথচ ইজিবাইক শ্রমিকরা গত এক বছর ধরে পৌরটোলের নামে একশ্রণির চিহ্নিত চাঁদাবাজদের চাঁদাবাজি বন্ধের দাবি জানিয়ে আসছে।
পৌরসভা সূত্রে জানা গেছে, দরপত্রের মাধ্যমে প্রতিবছর পৌর এলাকায় চলাচল করা যানবাহন থেকে পৌরটোল আদায়ের জন্য ইজারাদার নিয়োগ করে পৌরসভা।
পৌর মেয়র মির্জা ফয়সাল আমিন জানান, দরপত্রের মাধ্যমে প্রতিবছর ইজারাদার নিয়োগ দিয়ে পৌরটোল আদায় করে পৌরসভা। সেটা একেবারেই বন্ধ করার সুযোগ নেই। তবে করোনা পরিস্থিতিতে ইজিবাইক চালকদের কাছ থেকে পৌরটোল আদায় বন্ধ রাখার আবেদন পেলে বিষয়টি বিবেচনায় আনা হবে।
পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, সড়কে চাঁদাবাজির কোনো সুযোগ নেই। অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
বার্তাবাজার/এসজে