এবার ভারত থেকে কোরবানির গরু আসবে না

দেশীয় খামারিদের উৎসাহ দিতে এবার ঈদুল আজহার সময় কোরবানির পশুর বাড়তি চাহিদা মেটাতে ভারত থেকে গরু আনতে দেবে না সরকার। স্থানীয় খামারিরা যাতে গরুর ভালো দাম পান সেজন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সীমান্তে ‘বিট খাটালের’ মাধ্যমে গরু আনার অনুমতিও দেওয়া হয়নি।

অন্যান্য বছর কোরবানির আগে সীমান্তে ‘বিট খাটালের’ মাধ্যমে গরু কেনাবেচা হয়েছে। এবার ঈদের আগে সীমান্তে এই প্রক্রিয়ায় গরু আনার অনুমতি দেয়নি সরকার।

সোমবার (২২ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব (আনসার ও সীমান্ত) মো. শাহেদ আলী শিল্প মন্ত্রণালয় অনলাইনে আয়োজিত ‘চামড়া শিল্পের উন্নয়নে সুপারিশ প্রদান ও কর্মপরিকল্পনা প্রণয়ন টাস্কফোর্সের’ দ্বিতীয় সভায় এ তথ্য জানান।

তিনি বলেন, কোরবানিকে কেন্দ্র করে ভারত থেকে অবৈধ গবাদি পশু আসা এবং কোরবানির পশুর চামড়া চোরাচালান প্রতিরোধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া ঈদের দিন ও পর দিন চামড়া নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং গুজব ছড়ানো বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হবে।

সভায় বাণিজ্য সচিব ড. জাফর উদ্দীন আহমেদ জানান, আগামীকাল বুধবার বৈঠক করে চামড়ার দর নির্ধারণ করা হবে। ইতোমধ্যে ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন চামড়া মূল্য নির্ধারণের বিষয়ে সুপারিশ করেছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর