কুড়িগ্রাম জেলায় গত ৭২ ঘন্টার ব্যবধানে ২ শিশুকে হত্যা করা হয়েছে। মৃত ২ শিশু জেলার ফুলবাড়ি উপজেলার কাশিপুর ও নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের। রামখানা ইউনিয়ন ও কাশিপুর ইউনিয়ন পাশাপাশি দুটি ইউনিয়ন।
স্থানীয়ভাবে জানা যায়, কাশিপুরে নিখোঁজের ২০ ঘন্টা পর সিয়াম নামের এক শিশুর পাট ক্ষেত থেকে লাশ উদ্ধার করেছে ফুলবাড়ী থানা পুলিশ। ঘটনাটি ঘটে গত ২০ জুন (শনিবার) উপজেলার সীমান্তবর্তি কাশিপুরের ধর্মপুর তেলীটারী গ্রামে।
স্থানীয় বাসিন্দা শহিদুল জানান, শনিবার (২০ জুন) দুপুরে এলাকার রাশেল ও আছলাম পাশ্ববর্তী ছলিম মুদ্দিনের পাট ক্ষেতে একই এলাকার নাজমা ও আমিনা সহ তোষা পাটের পাতা তুলতে গিয়ে দেখতে পায় পাট গাছের ছাল দিয়ে গলায় পেঁচানো অবস্থায় একটি শিশু শোয়ানো অবস্থায় পড়ে আছে। তাদের চিৎকারে আশেপাশের লোকজন এসে দেখতে পায় শিশুটি একই এলাকার জায়দুল মিস্ত্রির শিশু ছেলে সিয়াম (৬)। তার শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহৃ দেখা গেছে। শিশুটি শুক্রবার বিকাল পাঁচটার দিকে তার নিজ বাড়ী থেকে নিখোঁজ হয়। শনিবার তার লাশ পাশ্ববর্তী পাট ক্ষেতে পাওয়া যায়।
শিশু সিয়ামের বাবা একজন দিনমজুর। এই ঘটনাটির ৩দিন যেতে না যেতেই আবারও ১টি শিশু নিখোঁজ হয় পাশ্ববর্তী এলাকা পূর্ব রামখানা গ্রামে। নাগেশ্বরী উপজেলার রামখানায় নিখোঁজের ২ দিন পর ছাদিয়া (৫) নামের এক কন্যা শিশুর মরদেহ পাওয়া যায়।
মঙ্গলবার (২৩ জুন) সকালে বাড়ির পাশের পাটখেত থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। মৃত ছাদিয়া উপজেলার রামখানা ইউনিয়নের আধমাথা গ্রামের রাজমিস্ত্রী মোঃ সফিকুল ইসলামের একমাত্র কন্যা সন্তান।
শিশুটির বাবা শফিকুল জানান, রবিবার (২১ জুন) সকালে সাদিয়াকে দেখতে না পেরে তার মাকে মেয়ের খোঁজ নিতে বলে কাজে চলে যান তিনি। সারাদিনেও মেয়ের কোনও খোঁজ না পেয়ে বাড়ির সবাই তাকে খুঁজতে থাকে। দুই দিনে তার কোনও খোঁজ পাওয়া না গেলেও মঙ্গলবার সকালে বাড়ির পাশের একটি পাট ক্ষেতের পাশে বাঁশ ঝাড়ে গলায় পাটের আঁশ জড়ানো অবস্থায় মেয়ের খোঁজ পান তিনি। ৭২ ঘন্টার ব্যবধানে নিহত ২ শিশুর পরিবারের সাথে কোন পূর্ব শত্রুতার জের ছিলো না বলেও জানান এই ২ শিশুর পরিবারটি।
পর পর নির্মমভাবে ২ শিশুর হত্যার ব্যাপারে কুড়িগ্রাম পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বার্তা বাজার কে বলেন,”দুটি ঘটনার তদন্ত চলছে,পাশাপাশি প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন কয়েকজনকে আটক করা হয়েছে,আশা করি দ্রুত এ দুটি বিষয়ে সত্য ঘটনা জানা যাবে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।”
বার্তাবাজার/এমকে